দোহারে তরুণীর লাশ উদ্ধার, ধর্ষণের পর হত্যা!
ঢাকার দোহার উপজেলার নারিশা পূর্বচর এলাকায় গতকাল সোমবার এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। ধর্ষণের পর তাঁকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। ওই তরুণীর নাম সেলিনা (২২)।পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সোমবার ভোরে জরুরি কাজে ঘর থেকে বের হলে দুর্বৃত্তরা সেলিনাকে তুলে নিয়ে ধর্ষণ করে। পরে শ্বাসরোধে হত্যা করে তাঁর লাশ বাঁশঝাড়ের কাছে ফেলে যায়। সংবাদ পেয়ে দোহার থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠায়।নিহত সেলিনার বাবা মহর মোল্লা জানান, দুর্বৃত্তরা তাঁর মেয়েকে পূর্বপরিকল্পিতভাবে ধরে নিয়ে নির্যাতনের পর হত্যা করেছে। তাঁদের গ্রামের বাড়ি ফরিদপুরের সদরপুর উপজেলার চর নাসিরপুর গ্রামে। বাবার সঙ্গে সেলিনা নারিশা পূর্বচরে ভাড়া থাকতেন।দোহার থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান জানান, ধর্ষণের পর সেলিনাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় দোহার থানায় একটি হত্যা মামলা হয়েছে।