দোহারে দিনমজুরের বাড়িতে ভাঙচুরের অভিযোগ
ঢাকার দোহার উপজেলার মধুরচর গ্রামের এক দিনমজুরের বসতবাড়িতে গত রোববার হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। একই গ্রামে তিন শতাধিক ভূমিহীন পরিবারকে সরকারি খাসজমি থেকে প্রভাবশালী ব্যক্তিরা উচ্ছেদের হুমকি দিচ্ছে বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, মধুরচর গ্রামের তিন শতাধিক ভূমিহীন পরিবার প্রায় ২০-২৫ বছর ধরে খাসজমিতে ঘরবাড়ি তুলে বসবাস করছে। সম্প্র্রতি স্থানীয় প্রভাবশালী মান্নান মোল্লা ওই পরিবারগুলোকে অন্যত্র চলে যাওয়ার জন্য চাপ দিতে থাকেন। থাকতে হলে তাঁকে টাকা দিতে হবে বলেও দাবি করেন। ভূমিহীনেরা টাকা দিতে অস্বীকার করায় গত রোববার মান্নান লোকজন নিয়ে ভূমিহীন জামালের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন। জামাল জানান, এ ঘটনায় দোহার থানায় মামলা করতে গেলে মামলা নেওয়া হয়নি।মান্নান সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কিছু লোক আমাদের জমি দখল করে রেখেছে। তা উদ্ধারের চেষ্টা করছি।’ মামলা না নেওয়া প্রসঙ্গে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান চৌধুরী বলেন, কেউ এ ধরনের অভিযোগ নিয়ে আসেনি।