দোহারে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার উপজেলার নিকড়া বটতলা এলাকায় গতকাল শুক্রবার দুই পক্ষের সংঘর্ষে একজন টেঁটাবিদ্ধসহ চারজন আহত হয়েছেন।আহত ব্যক্তিরা হলেন: দোহারের বানাঘাটা গ্রামের মৃত হাসেব বেপারীর ছেলে রতন বেপারী (৪৫), নিকড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে লিটন খান (৩৮) ও আপন খান (৩০) এবং একই গ্রামের সবুজ খান (৩২)। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, লিটন, আপন ও সবুজ গতকাল বেলা দুইটার দিকে মোটরসাইকেলে করে নিকড়া গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে নিকড়া বটতলা এলাকায় দোহার পৌরসভার কাউন্সিলর ফরহাদ বেপারীর ভাই রতন বেপারীসহ চার-পাঁচজন যুবক তাঁদের গতিরোধ করেন এবং আপনকে মারধর করতে থাকেন। এক ফাঁকে ঘটনাটি বাড়ির লোকজনকে জানান লিটন ও সবুজ। উত্তেজিত হয়ে ঘটনাস্থলে ছুটে যান আপনের বাড়ির লোকজন। সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। একপর্যায়ে রতনকে টেঁটাবিদ্ধ করা হয়। গুরুতর আহত হন আপন, লিটন ও সবুজ।স্থানীয় লোকজন রতনকে উপজেলার একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেয়। লিটন, আপন ও সবুজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিটনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।রতনের ভাই দোহার পৌরসভার কাউন্সিলর ফরহাদ বেপারীর কাছে ঘটনা জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। ঘটনাস্থলে এসে জেনে নিন।’ ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, রতন বেপারী নামের একজন টেঁটাবিদ্ধ এবং আরও তিনজন আহত হয়েছেন। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।