দোহারে দুটি সমবায় সমিতির কার্যালয়ে তালা, বিক্ষোভ
ঢাকার দোহার উপজেলায় দুটি সমবায় সমিতির কার্যালয়ে গত রোববার থেকে তালা ঝুলছে। প্রতিষ্ঠান দুটি হাজারেরও বেশি গ্রাহকের প্রায় আট কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে বলে অভিযোগ করেছেন অনেকে। টাকা ফেরত পেতে গ্রাহকেরা গতকাল বুধবার দুপুরে কার্যালয় দুটির সামনে বিক্ষোভ করেন।স্থানীয় লোকজন জানান, দোহারের জয়পাড়া বাজারের মৃধা প্লাজার তৃতীয় তলায় সান গ্রুপের পল্লি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি এবং ম্যাক্সিম গ্রুপের ম্যাক্সিম মাল্টিপারপাস কো-অপারেটিভ লিমিটেডের শাখা কার্যালয় অবস্থিত। কিন্তু গত রোববার থেকে প্রতিষ্ঠান দুটির কার্যালয়ে তালা ঝুলছে। এর পর থেকে বিনিয়োগকারীরা প্রতিদিন সেখানে জড়ো হয়ে বিক্ষোভ করছেন।দুটি প্রতিষ্ঠানে গতকাল বেলা ১১টার দিকে গিয়ে প্রধান ফটকে তালা ঝুলতে দেখা যায়। গ্রাহকেরা সেখানে বিক্ষোভ করছিলেন। টাকা ফেরত পেতে তাঁরা প্রশাসনের সহায়তা চান।বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকার দোহার শাখার মাঠ কর্মকর্তা আবদুস সালাম দুই মাস আগে পল্লি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতিতে চার লাখ ৩০ হাজার টাকা এবং জয়পাড়া ডিগ্রি কলেজের প্রভাষক কেরামত আলী পাঁচ মাস আগে পাঁচ লাখ টাকা জমা রাখেন।অপর দিকে, ম্যাক্সিম মাল্টিপারপাস কো-অপারেটিভে এক মাস আগে পাঁচ লাখ টাকা জমা রাখেন বানাঘাটা গ্রামের নুরুল হক। নিলুফা আক্তার রাখেন তিন লাখ ৩৫ হাজার টাকা। তাঁরা সবাই স্বীকার করেন, ব্যাংকের চেয়ে অতি মুনাফার আশায় তাঁদের সঞ্চয় সেখানে জমা রাখেন। এখন কীভাবে টাকা ফেরত পাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় আছেন।পল্লি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির দোহার শাখার ব্যবস্থাপক ইয়াকুব আলী ও ম্যাক্সিম মাল্টিপারপাস কো-অপারেটিভের ব্যবস্থাপক আবদুর রাজ্জাকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তা বন্ধ পাওয়া গেছে।দোহার থানার পরিদর্শক (তদন্ত) কামরুল ইসলাম মিয়া বলেন, ওই সব সমিতির কোনো গ্রাহক লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া যেতে পারে।দোহার ও নবাবগঞ্জ উপজেলায় প্রবাসীর সংখ্যা বেশি। তাঁরা বৈদেশিক মুদ্রা পরিবারের কাছে পাঠান। আর এসব টাকা অলস ফেলে না রেখে বেশি মুনাফার আশায় কথিত সমবায় সমিতিতে জমা রাখেন তাঁরা। গত তিন মাসের মধ্যে দোহার-নবাবগঞ্জ এলাকা থেকে আল-আক্সা, ইসলামিক কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড ও আইডিয়াল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড কয়েক হাজার গ্রাহকের প্রায় ৫০ কোটি টাকা নিয়ে স্থানীয় কার্যালয়ে তালাবদ্ধ করে চলে গেছে।