দোহারে পদ্মার পারে ভ্রমণপিপাসুদের ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দোহার উপজেলার মৈনট ঘাট এলাকায় দর্শনার্থীদের ভিড়। ছবিটি গতকালের l প্রথম আলো
ঢাকার দোহার উপজেলার মৈনট ঘাট এলাকায় দর্শনার্থীদের ভিড়। ছবিটি গতকালের l প্রথম আলো

ঢাকার দোহার উপজেলার মৈনট ঘাট এলাকায় গতকাল বৃহস্পতিবার ঈদের চতুর্থ দিনেও ভ্রমণপিপাসুদের ভিড় ছিল। নবীন-প্রবীণ, শিশু-কিশোরদের পদচারণে সরগরম ছিল দর্শনার্থীদের কাছে জনপ্রিয় এই এলাকাটি।

ঢাকার কাছের উপজেলা দোহারের কার্তিপুর বাজার থেকে দুই কিলোমিটার দূরে পদ্মার পাড়ে মৈনট খেয়াঘাট। দোহার, নবাবগঞ্জসহ ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর ও শরীয়তপুরের অনেক মানুষ এই ঘাট দিয়ে রাজধানী ঢাকায় যাতায়াত করে। ঘাটের দুই পাশে জেগে ওঠা চরের অংশবিশেষ নিয়ে বিশাল এলাকা অনেকটা সমুদ্রসৈকতের মতো রূপ নিয়েছে। প্রতিদিন বিকেল হলেই এখানে ভিড় জমান হাজারো নারী-পুরুষ ও তরুণ-তরুণী। ঈদের দিন থেকে শুরু করে গতকাল পর্যন্ত নদীর তটে ব্যাপক লোকসমাগম ঘটে।

পদ্মার পাড়ের দৃশ্য দেখতে ভালো লাগে। মন প্রফুল্ল হয়। তাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে বয়সের ভেদাভেদ ভুলে এখানে ঘুরতে আসে মানুষ। এমন কথাই জানান ঢাকার বাসিন্দা সাত্তার হোসেন।

নবাবগঞ্জের বাসিন্দা আল-আমিন বলেন, ‘ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে এসেছি। এখানে অনেক ভালো লাগে। পদ্মার ঢেউ, পালতোলা নৌকা, মাঝির গান, গ্রামীণ ঐতিহ্যের ঘোড়ার গাড়ি—কোনো কিছুরই কমতি নেই এখানে। এই এলাকাকে পর্যটন স্পট ঘোষণা করা হলে বিনোদনের জন্য ভালো হবে।’

দোহারের নারিশা গ্রামের গৃহবধূ আঁখি আক্তার বলেন, ‘এটাকে মিনি কক্সবাজার বললেও ভুল হবে না। কী নেই এখানে। বিকেল হলেই বসে রকমারি পণ্যের দোকান। সূর্যাস্ত যেন সবাইকে পুলকিত করে তোলে। তাই আমরা দ্রুত এটাকে পর্যটন এলাকা হিসেবে দেখতে চাই।’

কলেজছাত্রী মৌসুমি আক্তার বলেন, ‘সি-বোট, ট্রলার ও হেঁটে হেঁটে পানিতে ঘুরে বেড়ানোর আনন্দ অন্য রকম। অনেক লোকের সমাগম দেখে আমার খুবই ভালো লাগছে। বছরজুড়ে এমন হলে অনেক ভালো লাগবে।’

ইউএনও কে এম আল-আমিন বলেন, দোহারে পদ্মার পাড়ে পর্যটন এলাকা ও রিসোর্ট গড়ে তোলার সম্ভাবনা দেখা দিয়েছে। এটা করলে আনন্দ-বিনোদনের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের বিকাশ ঘটবে। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হবে।