ঢাকার দোহারে পদ্মা নদীতে ডুবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের মৃত্যু হয়েছে। দোহার উপজেলার মৈনটঘাট এলাকায় গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। বিকেলে ওই ঘাটের কাছ থেকে তাঁদের লাশ উদ্ধার করেন ডুবুরিরা।
এদিকে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে স্পিডবোট ডুবির ঘটনায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) এক শিক্ষার্থী ও বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তা নিখোঁজ রয়েছেন।
দোহারে নিহত শিক্ষার্থীরা হলেন আবরার তাজুয়ার নির্ঝর (১৮) ও আহমেদ হাসান (২০)। তাঁরা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানিয়েছেন তাঁদের সহপাঠীরা। নির্ঝর রাজধানীর উত্তরার এবং হাসান ধানমন্ডির সায়েন্স ল্যাবরেটরি এলাকার বাসিন্দা।
নির্ঝর ও হাসানের সহপাঠী ইমরান হোসেন বলেন, গতকাল দুপুরে তাঁরা ১৪ সহপাঠী দোহারের মৈনটঘাট বেড়াতে যান। আড়াইটার দিকে তাঁদের বেশ কয়েকজন পদ্মায় গোসল করতে নামেন। এ সময় নির্ঝর ও হাসান ডুবে যান। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘাটের কাছাকাছি এলাকা থেকে তাঁদের লাশ উদ্ধার করে।
দোহার থানার ওসি শেখ সিরাজুল ইসলাম বলেন, সন্ধ্যার পর দুই শিক্ষার্থীর পরিবারের কাছে তাঁদের লাশ হস্তান্তর করা হয়েছে।
মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে গত সোমবার সকালে স্পিডবোটডুবির ঘটনা ঘটে। এতে নিখোঁজ দুজন হলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) এমবিএ শেষ বর্ষের শিক্ষার্থী আইরিন নাহার এনি (২৫) ও বিমানবাহিনীর উইং কমান্ডার (অব.) জাফর আজিজ মামুন। তাঁদের মধ্যে আইরিন মাদারীপুরের শিবচর উপজেলার আবদুর রবের মেয়ে। আর জাফরের বাড়ি খুলনায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার অভিযান অব্যাহত থাকলেও গতকাল রাত আটটা পর্যন্ত তাঁদের কোনো সন্ধান মেলেনি।
লৌহজং থানার পরিদর্শক (তদন্ত) প্রাণবন্ধু বিশ্বাস বলেন, শিমুলিয়া ঘাট থেকে যাত্রী নিয়ে কাওড়াকান্দির উদ্দেশে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ছেড়ে যায় ডুবে যাওয়া স্পিডবোটটি। এতে ১৪-১৫ জন যাত্রী ছিলেন। বোটটি ডুবে যাওয়ার পর বাকি যাত্রীদের উদ্ধার করা গেলেও আইরিন ও জাফরকে খুঁজে পাওয়া যায়নি।