দোহারে পাঁচ শতাধিক ঘরবাড়ি বিলীন
‘পদ্মায় বাড়ি খাইলো, গ্রাম খাইলো, রাস্তায় ছিলাম সেইডাও ভাইঙ্গা গেল। এহন আমরা কোথায় যামু?’ কথাটি ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ী ইউনিয়নের অরঙ্গাবাদ গ্রামের আবদুস সোবহানের (৭০)। সোবহানের মতো পদ্মার ভাঙনে ঘরবাড়ি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে দোহারের চারটি ইউনিয়নের পাঁচ শতাধিক পরিবার।
উপজেলা প্রশাসনের হিসাব অনুযায়ী, গত এক সপ্তাহে নয়াবাড়ী, সুতারপাড়া, বিলাসপুর ও মাহমুদপুর ইউনিয়নের পাঁচ শতাধিক ঘরবাড়ি পদ্মায় বিলীন হয়েছে। এর মধ্যে সুতারপাড়ার মধুরচরে ২০০টি, বিলাসপুরের আলীনগর, কুতুবপুর ও মাইটা গ্রামের ১৭৫টি, নয়াবাড়ীর অরঙ্গাবাদ, পানকুণ্ডু, ধোয়াইর ও বাহ্রা গ্রামের ৪০টি ও মাহমুদপুর ইউনিয়নের মাহমুদপুর ও চর বিলাসপুরের শতাধিক ঘরবাড়ি রয়েছে। এ ছাড়া পদ্মায় বিলীন হয়েছে ১১টি দোকান, তিনটি মসজিদ, দুটি সেতু ও একটি বিদ্যালয়। ঝুঁকির মুখে রয়েছে নয়াবাড়ীর বাহ্রা হাবিল উদ্দিন উচ্চবিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ও কয়েকটি গুরুত্বপূর্ণ বাজার।
এলাকাবাসীর অভিযোগ, নদীর বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু তোলার ফলে নদীর স্রোত বেড়ে ভাঙন সৃষ্টি হচ্ছে।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, ভিটেমাটি, ঘরবাড়ি ও ফসলি জমি হারানো লোকজন রাস্তার পাশে ও খোলা জায়গায় পলিথিন টানিয়ে মানবেতর জীবন কাটাচ্ছে। অনেককে আহাজারি করতে দেখা গেছে।
মাথা গোঁজার ঠাঁই না পেয়ে অনেকে সুতারপাড়ার মধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছিল। কিন্তু ওই বিদ্যালয়ের পুরোনো ভবন ও মাঠ পদ্মায় বিলীন হয়ে গেছে। বিদ্যালয়ের নতুন ভবন বিলীন হওয়ার আশঙ্কায় এর বিভিন্ন উপকরণ ভাঙছিলেন শ্রমিকেরা।
বিলাসপুর গ্রামের আয়শা বেগম বলেন, ‘ছবি তুইলা কী অইবো, সরকার তো আমাগো লাইগা কিছু করল না। সর্বনাইশা গাঙ্গে আমাগো সব নিয়া গেছে।’
মধুরচরের সোনামিয়া (৬৭) অভিযোগ করেন, গত কয়েক দিনের অব্যাহত ভাঙনে সাহায্য-সহযোগিতা করতে স্থানীয় জনপ্রতিনিধি বা উপজেলা প্রশাসনের কেউ খোঁজ নিতে আসেননি।
তবে বুধবার বিকেলেই স্থানীয় সাংসদ গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান মধুরচরে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। তিনি দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেনকে অবৈধভাবে বালু উত্তোলনকারী ও ট্রাকমালিকদের আটক করার নির্দেশ দেন।
দোহার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হাবিবুল্লাহ মিয়া জানান, ভাঙনকবলিত প্রতি পরিবারকে ১৫ কেজি করে চাল দিতে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে।
দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি: সুতারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুরুজ বেপারী বলেন, ভাঙনরোধে দ্রুত ব্লক ও বালুর বস্তা ফেলা জরুরি। নয়তো ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে।
দোহারের নয়াবাড়ী থেকে নারিশা পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার পদ্মা নদীর তীরবর্তী এলাকায় দ্রুত পদক্ষেপ ও ভাঙনকবলিত ব্যক্তিদের পুনর্বাসনের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা করম আলী। তিনি বলেন, পদ্মার ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও সরকার এগিয়ে না এলে আন্দোলন গড়ে তোলা হবে।
এ ব্যাপারে জানতে চাইলে পাউবোর ঢাকা অঞ্চলের উপবিভাগীয় প্রকৌশলী আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, পদ্মার ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নিতে ছোট তহবিল দিয়ে হবে না। সরকার ও এডিবির উদ্যোগে প্রকল্প বাস্তবায়নের চেষ্টা চলছে। বরাদ্দ পাস হলেই কাজ করা সম্ভব। তবে সেটা কবে নাগাদ হবে, তিনি বলতে পারেননি।