দোহারে পাচারকারী সন্দেহে এক নারী আটক
নবাবগঞ্জের দোহার থানার ফুলতলা এলাকা থেকে গত বুধবার বিকেলে শিল্পী আক্তার (২৫) নামের এক নারীকে পাচারকারী সন্দেহে আটক করেছে এলাকাবাসী। পরে তাঁকে দোহার থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় গত বৃহস্পতিবার থানায় মামলা হয়।পুলিশ জানায়, মুকসেদপুর বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী সাথী আক্তার (১২)। গত বুধবার বিকেলে সে পরীক্ষা দিয়ে বের হলে বিদ্যালয়ের পাশে আগে থেকে দাঁড়িয়ে থাকা শিল্পী আক্তার তাকে দেখে এগিয়ে আসেন। তিনি নিজেকে সাথীর আত্মীয় বলে পরিচয় দেন। তারপর নানা কথায় কৌশলে তিনি সাথীকে স্থানীয় শাইনপুকুরের বেথুয়া প্রকল্পের ব্যবস্থাপক নাজমুল হুদার বাড়ির সামনে নিয়ে যান। এখানে হঠাৎ দাদা ও চাচার সঙ্গে দেখা হয়ে যায় শিল্পীর সঙ্গে থাকা সাথীর। মেয়েটির কাছ থেকে পুরো ঘটনা শোনার পর শিল্পীকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তাঁর অসংলগ্ন কথাবার্তায় এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তারা শিল্পীকে দোহার থানায় সোপর্দ করে। সাথীর গ্রামের বাড়ি মধুরখোলায়। থানার এসআই মঞ্জুরুল ইসলাম জানান, শিল্পীর বিরুদ্ধে নারী নির্যাতন আইনে থানায় মামলা হয়েছে। শিশুটির মা রাজিয়া বেগম বাদী হয়ে মামলাটি করেন।