দোহারে পানিতে ডুবে ভাইবোন নিখোঁজ, একজনের মৃতদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহারে পদ্মায় ডুবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের মৃত্যুর রেশ কাটতে কাটতেই গতকাল বুধবার দুপুরে পদ্মার শাখা নদীতে চাচাতো দুই ভাইবোন নিখোঁজ হয়। সন্ধ্যায় একজনের মৃতদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা আড়াইটার দিকে চর লটাখোলা এলাকায় পদ্মা নদীতে গোসল করার সময় বর্ষা আক্তার (১১) ও আরাফাত হোসেন (১০) ডুবে যায়। খবর পেয়ে দোহার ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা ছয়টার দিকে উদ্ধার অভিযান চালিয়ে আরাফাতকে মৃত অবস্থায় উদ্ধার করে। বর্ষা নিখোঁজ রয়েছে। উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর লটাখোলা গ্রামের সোবাহানের মেয়ে বর্ষা আক্তার ও আব্দুস সালামের ছেলে আরাফাত হোসেন সম্পর্কে চাচাতো ভাইবোন।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম আল আমিন বলেন, ঢাকার ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ আরেক শিশুকে উদ্ধারে অভিযান চালাচ্ছেন। তিনি আরও বলেন, দুই দিন আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র পানিতে ডুবে মারা যান। পদ্মা নদীতে গোসল করা ও পানিতে ওঠা-নামার বিষয়ে নদীপারের এলাকার মানুষকে সতর্ক করে ইউনিয়ন পরিষদগুলোতে পরিপত্র দেওয়া হয়েছে।