দোহারে পিটিয়ে হত্যা তিন আসামি গ্রেপ্তার
ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর গ্রামে জমির ফসল তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গত মঙ্গলবার একজন নিহত ও চারজন আহত হয়েছেন। ওই ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।নিহত কলম পাটাদার (৬৫) মাহমুদপুর গ্রামের বাসিন্দা। আহত হন তাঁর স্ত্রী সালেহা বেগম, বড় মেয়ে শুকুরি বেগম এবং দুই ছেলে ইউসুফ আলী ও জিন্নত আলী। হামলার ঘটনায় মঙ্গলবারই দোহার থানায় আটজনকে আসামি করে মামলা করেন নিহতের ছেলে ইউসুফ আলী।গতকাল বুধবার সকালে কেরানীগঞ্জ সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জাকারিয়া ঘটনাস্থল পরিদর্শন করে মামলার সুষ্ঠু তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দেন।মামলার এজাহার ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে কলম পাটাদার ও তাঁর পরিবারের সদস্যরা বাড়ির কাছে নিজেদের জমিতে মোটর কলাই তুলতে যান। এ সময় বর্গাচাষি শেখ মোহনের সঙ্গে কলাই ভাগাভাগি নিয়ে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে মোহনের শ্যালক জামাল কলম পাটাদারের বড় ছেলে ইউসুফকে ধাক্কা দেন। ইউসুফ মোহনকে লাঠি দিয়ে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। এ সময় জামাল ও তাঁর লোকজন কলম পাটাদার, তাঁর ছেলে এবং ঘটনাস্থলে উপস্থিত স্ত্রী ও বড় মেয়েকে লাঠিসোঁটা দিয়ে আঘাত করেন।আহত ইউসুফ প্রথম আলোকে বলেন, ‘তর্কবিতর্কের একপর্যায়ে জামাল ও মোহনের আত্মীয়রা লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর হামলা করে এবং বাবাকে পিটিয়ে হত্যা করে।’ এদিকে ঘটনার পর থেকে জামাল পলাতক। পুলিশ জামালের বোন ফুলজান বেগম ও তাঁর স্বামী শেখ মোহন এবং ফুফাতো ভাই শেখ বাচ্চুকে গ্রেপ্তার করেছে। দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান প্রথম আলোকে বলেন, পুলিশ তিন আসামিকে গ্রেপ্তার করেছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।