দোহারে পুলিশি বাধায় বিএনপির ইফতার পণ্ড
ঢাকার দোহারে গতকাল শুক্রবার সন্ধ্যায় পুলিশের বাধায় স্বেচ্ছাসেবক দলের ইফতার মাহফিল পণ্ড হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সংগঠনের নেতা-কর্মীরা বলেন, গতকাল সন্ধ্যায় শতাধিক নেতা-কর্মী উপজেলা সদরের ওই রেস্তোরাঁয় ইফতার ও দোয়া মাহফিলে শরিক হয়েছিলেন। সন্ধ্যা ছয়টার দিকে দোহার থানা-পুলিশের একটি দল রেস্তোরাঁয় গিয়ে সংগঠনের নেতা-কর্মীদের বেরিয়ে যেতে বলে। অন্যথায় তাঁদের গ্রেপ্তারের হুমকি দেওয়া হয়। এ সময় দলটির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুর রহমান ও সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ অনুষ্ঠানে বাধা দেওয়া হয়েছে। আমরা আতঙ্কিত হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করি।’
যোগাযোগ করলে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সিরাজুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, এ বিষয়টি তাঁর জানা নেই। কেউ কোনো অভিযোগও করেনি।