ঢাকার দোহার উপজেলায় প্রাথমিকভাবে বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। গত মঙ্গলবার সেখানকার একটি খামারের বার্ড ফ্লু আক্রান্ত প্রায় ছয় হাজার মুরগি নিধন করা হয়েছে। স্থানীয় পোলট্রি অ্যাসোসিয়েশন সূত্রে জানা যায়, উপজেলার নারিশা ইউনিয়নের পশ্চিম চর এলাকার মো. এমদাদুল হকের নারিশা খামারবাড়ি নামের পোলট্রি ফার্মের প্রায় ছয় হাজার ৫০০ লেয়ার মুরগি রোগে আক্রান্ত হয়। তিন দিন আগে ৫৩০টি মুরগি মারা যায়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রাণিসম্পদ কর্মকর্তাকে জানানো হয়। পোলট্রি অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের নিয়ে গত মঙ্গলবার ইউএনও এবং প্রাণিসম্পদ কর্মকর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে ওই খামারে যান। মুরগিগুলো বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছে বলে তাঁরা প্রাথমিকভাবে নিশ্চিত হন এবং ওই খামারের পাঁচ হাজার ৯৭০টি লেয়ার মুরগি নিধন করা হয়।এ সময় ইউএনও বলেন, প্রাথমিকভাবে বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। তাই আতঙ্কিত হওয়ার কিছুই নেই।বার্ড ফ্লু শনাক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে করণীয় ঠিক করতে উপজেলা প্রশাসন বুধবার জরুরি সভা করে। সভায় উপস্থিত ছিলেন ইউএনও রথীন্দ্রনাথ দত্ত, প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম, দোহার উপজেলা পোলট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্থানীয় জনপ্রতিনিধিরা। বার্ড ফ্লু শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, এই রোগের বিস্তার যাতে না ঘটে, সে জন্য এলাকার সবাইকে সতর্ক থাকতে হবে।