দোহারে বাড়ি গুঁড়িয়ে দিয়ে ভিটে দখল!
ঢাকার দোহার উপজেলার পালামগঞ্জ ফুলতলায় গতকাল শনিবার ভ্যাবলা মাতবরের বাড়ি গুঁড়িয়ে দিয়ে এক ব্যক্তি দখলে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।স্থানীয় লোকজন ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান, গতকাল সকাল নয়টায় শামীমের নেতৃত্বে প্রায় অর্ধশত লোক ফুলতলায় ভ্যাবলা মাতবরের বাড়িতে এসে বাড়ির তদারককারীদের তাড়িয়ে দিয়ে চার-পাঁচটি কক্ষ, রান্নাঘর ও দোকানপাট ভেঙে গুঁড়িয়ে দেয়। এরপর তাঁরা ভিটে দখলে নেয়।ভ্যাবলা মাতবরের স্ত্রীর বড় বোন জহুরা খাতুন অভিযোগ করে বলেন, গত ২৪ আগস্ট একটি হয়রানিমূলক হত্যা মামলায় তাঁর ছোট বোন সালেহা ও ভাগনে রুবেলকে পুলিশ গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। এ সুযোগে গতকাল সন্ত্রাসীরা তাঁকে তাড়িয়ে দিয়ে তাঁর বোনের ভিটে দখলে নেয়।সালেহার মেয়ে বেবী প্রথম আলোকে বলেন, ‘সকালে ঘুম থেকে জেগে ভাঙচুরের ঘটনা দেখে পালাই। এখন ভয়ে এলাকায় ফিরতে পারছি না। এ ব্যাপারে পুলিশকে জানিয়েও কোনো প্রতিকার পাইনি।’ দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বশির আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।শামীম দাবি করেন, উপজেলার কাটাখালী এলাকার সামসুল হক আইয়ুব আলীর কাছ থেকে বাড়িটি কেনার জন্য বায়না করেছেন। তাঁকে (শামীম) আম-মোক্তারনামা দিলে তিনি বাড়িটি দখলে নেন। তবে এ ব্যাপারে শামীম কোনো কাগজপত্র দেখাতে পারেননি।