দোহারে বাড়ি থেকে ডেকে নিয়ে দুই ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার উপজেলার চর কুশাইর চর গ্রামের দুই ভাইকে গত বৃহস্পতিবার দিবাগত রাতে বাসা থেকে ডেকে নিয়ে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ রয়েছে। আহত ব্যক্তিরা হলেন: কুসুমহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সামসুদ্দীন শিকদারের দুই ছেলে শাহিন শিকদার (৪৭) ও হেলাল শিকদার (৪৩)। তাঁদের রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সাবেক ইউপি চেয়ারম্যান সামসুদ্দীন শিকদারের বাড়ির সামনে একই গ্রামের আবদুল ওয়াহাব ও তাঁর লোকজন ডাকাত এসেছে বলে চিৎকার দেন। ওই সময় তাঁর সঙ্গে থাকা লোকজন চেয়ারম্যানের দুই ছেলে শাহিন ও হেলালকে ডেকে রাস্তায় নিয়ে আসেন। রাস্তায় এলে ওয়াহাবের লোকজন তাঁদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন।আহত ব্যক্তিদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তাঁরা পালিয়ে যান। আহত দুই ভাইকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে দোহার থানার পুলিশ ঘটনাস্থলে গেলেও তাঁদের ধরতে পারেনি।এ ব্যাপারে দোহার থানার পরিদর্শক (তদন্ত) কামরুল ইসলাম মিয়া বলেন, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ওয়াহাবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।