দোহারে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীর নামে মামলা
দোহার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অর্ধশতাধিক নেতা-কর্মীর নামে শনিবার রাতে মামলা করেছে পুলিশ। তাঁদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশ এ মামলা করেছে। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ এম ইলিয়াস আলীকে খুঁজে বের করার দাবিতে শনিবার সকালে তাঁরা বিক্ষোভ মিছিল বের করলে এ সংঘর্ষ হয়। এলাকাবাসী ও বিএনপি সূত্র জানায়, বিএনপি, যুবদল, ছাত্রদল ও মহিলা দলের নেতা-কর্মীরা গত শনিবার ইলিয়াস আলীকে খুঁজে বের করার দাবিতে মিছিল বের করেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ ১৫ জন আহত হন। পরে উপজেলা বিএনপির সহসভাপতি নজরুল ইসলামসহ নয়জনকে আটক করা হয়। তাঁরা আরও জানান, ঘটনার পর নেতা-কর্মীরা উপজেলা বিএনপির সহসভাপতি জালালউদ্দিন বেপারীর বাড়িতে জড়ো হয়ে সংবাদ সমেঞ্চলন করেন। সংবাদ সম্মেলনে পুলিশের হামলা ও নেতা-কর্মীদের আটকের নিন্দা জানানো হয়। খবর পেয়ে পুলিশ বিকেল চারটার দিকে সেখানে গিয়ে হামলা করলে উত্তেজিত নেতা-কর্মীরা পুলিশের গাড়িতে ইটপাটকেল ছুড়ে মারেন। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের দুটি শেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ জানায়, বিএনপির নেতা-কর্মীদের মধ্য থেকে তাদের ওপর চারটি গুলি ছোড়া হয়েছে। এ ছাড়া তাদের ওপর হামলা করা হয়েছে। এ কারণে পুলিশ বাদী হয়ে ৭০ জনকে আসামি করে মামলা করেছে।দোহার পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল হালিম বলেন, শনিবার রাতে ও গতকাল দিনভর পুলিশ বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে তল্লাশি চালায়। এ কারণে গ্রেপ্তার আতঙ্কে কেউ বাড়িতে থাকতে পারছে না।