দোহারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ আহত ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দোহার উপজেলায় গত শনিবার সন্ধ্যায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, শনিবার সন্ধ্যায় দোহার পৌর মেয়র আবদুর রহিম মিয়ার বাসভবনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কর্মী পরিচিতি ও আসন গ্রহণকে কেন্দ্র করে জাসাসের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সালাহউদ্দীন মোল্লা ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডালু খন্দকারের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে ডালু খন্দকারসহ কমপক্ষে পাঁচ নেতা-কর্মী আহত হন। তাঁদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
সালাহউদ্দীন মোল্লা বলেন, ‘এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে কিছু লোক অনুষ্ঠান ভন্ডুলের চেষ্টা করলে নেতা-কর্মীরা তা প্রতিহত করেন।’