দোহারে ভাইরাসবাহিত চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার উপজেলায় ভাইরাসবাহিত ‘চিকুনগুনিয়া’ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গতকাল শনিবার পর্যন্ত এ রোগে কমপক্ষে ১০ জন আক্রান্ত হয়েছে বলে উপজেলা ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা নিশ্চিত করেছেন। বিরল এ রোগে মৃত্যুহার খুব কম হলেও অনেক দিন ভোগানোর কারণে তা কর্মক্ষমতা কমিয়ে দেয়।রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, বাংলাদেশে এটা চিকুনগুনিয়া রোগের তৃতীয় প্রাদুর্ভাব (আউটব্রেক)। এখানে এই রোগের প্রথম প্রাদুর্ভাব দেখা দেয় ২০০৮ সালে রাজশাহীর পবা উপজেলায়। তখন ৩২ জন রোগী শনাক্ত করা হয়েছিল। এরপর ২০০৯ সালে পাবনার সাঁথিয়া উপজেলায় তা দেখা যায়।গত মাসের শেষদিকে দোহার উপজেলার চরকোসাই, চর লটাখোলা, দক্ষিণ শিমুলিয়া ও ইকরাশি গ্রামের বেশ কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বরের চিকিৎসা নিতে আসেন। কিছু অস্বাভাবিক লক্ষণ থাকায় তাদের রক্ত পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়। ২ নভেম্বর ১৪ জনের রক্তের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর। তাদের মধ্যে ১০ জন চিকুনগুনিয়া রোগে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। পাশের নবাবগঞ্জ উপজেলায়ও এ রোগ ছড়িয়ে পড়েছে বলে আশঙ্কা করছেন আইইডিসিআর কর্মকর্তারা। এই উপজেলার ২৫ জন সন্দেহভাজন রোগীর একটি তালিকা তৈরি করেছেন সরকারি স্বাস্থ্য কর্মকর্তারা। আইইডিসিআর ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) বিজ্ঞানীরা বলেছেন, চিকুনগুনিয়া মশাবাহিত ভাইরাস জ্বর। চিকুনগুনিয়া নামের আলফা ভাইরাসের কারণে এ জ্বর হয়। এডিস এজিপটি ও এডিস আলবোপিকটাস প্রজাতির মশা এই ভাইরাস ছড়ায়। রোগটির বিপদের মাত্রা সম্পর্কে জানতে চাইলে মাহমুদুর রহমান বলেন, ‘এই রোগে মানুষের মৃত্যুর হার কম। বিপদ হচ্ছে, মানুষ অনেক দিন এই রোগে ভোগে। আক্রান্ত হলে কর্মক্ষমতা কমে যায়। যাঁরা কায়িক পরিশ্রম করে জীবিকা উপার্জন করেন তাঁরা এই রোগে আক্রান্ত হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়েন।’তবে একবার এই জ্বর হলে সারা জীবনে আর হয় না। শরীর রোগপ্রতিরোধী হয়ে ওঠে।চিকুনগুনিয়া রোগের লক্ষণ সম্পর্কে রোগতত্ত্ববিদেরা বলেছেন, হঠাৎ জ্বর হয় এবং জ্বর হওয়ার পর হাড়ের সংযোগস্থলে বিশেষ করে হাঁটু, কবজি, এবং হাত বা পায়ের আঙুলের হাড়ে ব্যথা করে। কোনো কোনো ক্ষেত্রে হাড়ের সংযোগস্থল ফুলে যায়। ৪০ থেকে ৫০ শতাংশ রোগীর চামড়ায় দানা দেখা দিতে পারে।স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, এ রোগের প্রাদুর্ভাবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এর চিকিৎসা আছে।