দোহারে মসজিদের ইমামের বাড়িতে হামলার অভিযোগ
ঢাকার দোহার উপজেলার দক্ষিণ জয়পাড়া বায়তুল জামাত জামে মসজিদের ইমাম মাওলানা আবুল কাসেমের বাড়িতে গতকাল শুক্রবার হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর স্ত্রী ও ছেলে আহত হন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দক্ষিণ জয়পাড়া গ্রামে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে সকাল সাড়ে ছয়টার দিকে সাত-আটজনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে ইমাম আবুল কাসেমের বাড়িতে হামলা চালায়। এ সময় তাঁর স্ত্রী রোখসানা কাসেম (৪০) ও ছেলে খালিদ বিন কাসেম (১৪) আহত হন। খালিদ জয়পাড়া পাইলট উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।আবুল কাসেম প্রথম আলোকে জানান, বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশী ফারুক হোসেনের সঙ্গে বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এই বিরোধ নিষ্পত্তির জন্য আবেদন করলে ফারুক ক্ষিপ্ত হন। এর জের ধরে এ হামলা চালানো হয়। ইউএনও মোহাম্মদ আল আমীন জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।