দোহারে মহামায়া স্নানঘাট মন্দিরের প্রতিমা ভাঙচুর
ঢাকার দোহার উপজেলার মেঘুলা গ্রামের মহামায়া স্নানঘাট মন্দিরের তিনটি প্রতিমা ভাঙচুর করেছে দুষ্কৃতকারীরা। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আটটার দিকে দুষ্কৃতকারীরা ওই মন্দিরে হামলা চালিয়ে তিনটি লক্ষ্মী প্রতিমা ভাঙচুর করে। ঘটনার পরপরই খবর পেয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১১) বিশেষ দলসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রথীন্দ্রনাথ দত্ত ও দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বশির আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। মন্দির কমিটি সূত্র জানায়, ওই সময় সবাই যখন দশমী উদ্যাপন করতে ব্যস্ত, তখন দুষ্কৃতকারীরা লাঠিসোঁটা নিয়ে মন্দিরে অতর্কিত হামলা চালায়। বেশ কিছুদিন থেকে মন্দিরের জায়গা নিয়ে একটি পক্ষের সঙ্গে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে তাঁরা অভিযোগ করেন।ভাঙচুরের ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহার থানার ওসি শেখ বশির আহমেদ বলেন, ঘটনার তদন্ত চলছে।