দোহারে মান্নান ও সালমা পক্ষের সংঘর্ষ, নিহত ৩

দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসনে বিজয়ী ও পরাজিত পক্ষের আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে আজ সোমবার সকালে সংঘর্ষ হয়েছে। এতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নে হাজারবিঘা গ্রামে এ ঘটনা ঘটে।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া তিনজন নিহত হওয়ার তথ্যের সত্যতা প্রথম আলোকে নিশ্চিত করেছেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
নিহত ব্যক্তিরা হলেন মুসা খন্দকার (৫৫), তাঁর ছেলে মাসুদ খন্দকার (২৮) ও মকবুল হোসেন (৩৫) । আহতদের মধ্যে আসলাম হোসেন ও রেজাউল মোল্লার অবস্থা আশঙ্কাজনক। তাঁদেরকে ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানিয়েছে, দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী সালমা ইসলামের পক্ষে কাজ করেন দোহার উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা। অপরদিকে আওয়ামী লীগের প্রার্থী সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের পক্ষে কাজ করেন বিলাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুকুম আলী চোকদার। গতকাল রোববারের নির্বাচনে সালমা ইসলামের কাছে আব্দুল মান্নান খান পরাজিত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর ভাষ্য, নির্বাচনের জের ধরে আজ সকাল নয়টার দিকে বিলাশপুর ইউনিয়নের হাজারবিঘা গ্রামে লাঙ্গল প্রতীক-সমর্থিত আলাউদ্দিন মোল্লা ও নৌকা প্রতীক-সমর্থিত হুকুম আলী চোকদার গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে আলাউদ্দিন মোল্লা গ্রুপের তিনজন নিহত হয়েছেন। তাঁদের কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। চিকিত্সার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।
দোহার থানার ওসি কামরুল ইসলাম মিয়া বলেন, সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে তিনজনকে আটক করেছে পুলিশ। জড়িত অন্যদেরও ধরার চেষ্টা চলছে।