দোহারে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত, আহত-১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহারে মোটরসাইকেল দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী নিহত ও একজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাহ্রা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ বলছে, বেপরোয়া গতির কারণে মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা খায়।

নিহত ব্যক্তির নাম মো. লিয়ন (২১)। তিনি নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা গ্রামের মো. সালামের ছেলে ও নবাবগঞ্জ পাইলট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। এই ঘটনায় লিয়নের বন্ধু হাসিব আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, বিকেলে লিয়ন ও হাসিব দোহারের পর্যটন কেন্দ্র বাহ্রা ঘাটে ঘুরতে যান। সন্ধ্যায় তাঁরা নবাবগঞ্জের বান্দুরায় নিজ বাসায় ফিরছিলেন। এ সময় লিয়ন উচ্চগতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। ঘাট থেকে একটু সামনে আসার পর তাঁদের মোটরসাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। স্থানীয় লোকজন তাঁদের দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল-আমিন লিয়নকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে দোহার থানার পুলিশ।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, বেপরোয়া গতিতে চালানোর কারণে দুর্ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় কোনো মামলা হয়নি। সাধারণ ডায়েরি (জিডি) হবে। ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।