দোহারে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার উপজেলার পালামগঞ্জ বাজারে গত সোমবার রাতে কথা-কাটাকাটির জের ধরে তিন যুবককে কুপিয়েছে দুর্বৃত্তরা। এতে আহত দ্বীন ইসলাম (২৪) নামের এক যুবক গতকাল বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। আহত অন্য দুই যুবক রিয়াদ ও রনি হাসপাতালে চিকিত্সা নিচ্ছেন। হতাহত ব্যক্তিদের বাড়ি পালামগঞ্জ গ্রামে। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার আসামি মো. রুবেল ও তাঁর মা সালেহা বেগমকে গতকাল গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাত আটটার দিকে পালামগঞ্জ বাজারের একটি চায়ের দোকানে দ্বীন ইসলাম ও মো. রুবেলের কথা-কাটাকাটি হয়। পরে রুবেলের সঙ্গী সালাম, মুরাদ, রানা, কাওসার, রাসেল, রতন, কাঞ্চন, খালেকসহ ১২/১৩ জন রামদা, চাপাতি দিয়ে দ্বীন ইসলাম, রিয়াদ ও রনিকে এলোপাতাড়ি কোপায়। এ সময় রুবেলের মা পাশে ছিলেন। পরে স্থানীয় জনতা গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিত্সক তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিত্সাধীন অবস্থায় গতকাল ভোররাত চারটার দিকে দ্বীন ইসলামের মৃত্যু হয়। এ খবর শুনে এলাকাবাসী গতকাল হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে পালামগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল করে। দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বশির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলার ঘটনায় আহত রিয়াদের মা পিয়ারা বেগম ১৩ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।