দোহারে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার উপজেলায় গতকাল মঙ্গলবার এক যুবককে পিটিয়ে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় উপজেলার মুকসেদপুর ইউনিয়নের সাতভিটা রুইতা গ্রামের মবজেল ফকিরের ছেলে শাহাদাত হোসেনের (৩০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহতের মা রেজিয়া বেগম অভিযোগ করেন, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশী বাড়ির শাখাওয়াত হোসেনের ছেলে ও তার বন্ধুরা শাহাদাতকে গতকাল দুপুরে মারধর করে। পরে তারা আহত অবস্থায় শাহাদাতকে তার ঘরে রেখে যায়। ছেলের কাজকর্মে অসন্তুষ্ট থাকায় তিনি বিষয়টি আমলে নেননি। কিছুক্ষণ পর আবারও তারা ঘরে প্রবেশ করে বেশ কিছু সময় থাকার পর দরজা আটকে পেছনের জানালা ভেঙে পালিয়ে যায়। এ সময় নিহতের দুই ভাবি শামীমা নাসরিন ও পারভীন ঘরের দরজা খুলতে চেষ্টা করেন। তাঁরা ঘরের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে চিৎকার করেন। আশপাশের লোকজন এসে জানালা দিয়ে শাহাদাতের ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, শাহাদাতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পিটিয়ে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সঠিক তথ্য জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।