দোহারে যুবলীগ নেতার বাড়িতে হামলা, আহত ৩
ঢাকার দোহার উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক স্বপন খানের (২৮) বাড়িতে হামলা চালিয়ে যুবলীগ নেতাসহ তাঁর দুই ভাইকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় মনির ও আতাউর নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার কুসুমহাটি ইউনিয়নের ইমামনগর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, বুধবার রাত ১০টায় ইমামনগর গ্রামে যুবলীগের নেতা স্বপনের বাড়িতে আকস্মিক হামলা চালায় গ্রামের শাহজাহান শারু, দেলোয়ার, নাদের আলী, আসলাম, মনির হোসেন ও আতাউরসহ প্রায় সাত-আটজনের একটি সন্ত্রাসী দল। তারা ধারালো চাপাতি, চাকু ও লোহার রড নিয়ে বসতঘরে ঢুকে নামাজের প্রস্তুতি নিতে থাকা স্বপনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে তারা যুবলীগের নেতার দুই ভাই তপন (২৬) ও বিপ্লবকেও (২৪) কোপাতে থাকে। এ সময় চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা চলে যায়। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তপন ও বিপ্লবের অবস্থার অবনতি হলে রাতেই তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।ঢাকায় চিকিৎসাধীন বিপ্লব মুঠোফোনে গতকাল বলেন, বুধবার সকালে পারিবারিক বিরোধের জের ধরে সন্ত্রাসী দেলোয়ার একই গ্রামের বাসিন্দা তাঁর ভাতিজি ফাহিমাকে মারধর করেন। বিকেলে ফাহিমা এ বিষয়ে থানায় একটি জিডি করেন। এ সময় তিনিও (বিপ্লব) থানায় ছিলেন। এতে দেলোয়ার বিপ্লবের ওপর ক্ষুব্ধ হয়ে রাতে দলবল নিয়ে তাঁদের বাড়িতে হামলা চালান।দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার অভিযুক্ত দুই আসামিকে আটক করা হয়েছে। তাঁরা হলেন মনির ও আতাউর। তাঁরা একই গ্রামের বাসিন্দা। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।