ঢাকার দোহার উপজেলার পদ্মা ডিগ্রি কলেজের ছাত্র শাহাদাৎ হোসেনের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল মঙ্গলবার ওই কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।বিকেলে শিক্ষার্থীরা শাহাদাতের খুনিদের গ্রেপ্তারের দাবিসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধন করে। ঢাকা-দোহার সড়কের ফুলতলা বাজারের সামনের রাস্তায় অবস্থান নেয় তারা। স্থানীয় এলাকাবাসীও শিক্ষার্থীদের কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে এতে অংশ নেয়। পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। পদ্মা ডিগ্রি কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র শাহাদাৎ গত ২৯ নভেম্বর নিখোঁজ হন। পরদিন উপজেলার মইতপাড়া আন্ধারবিল এলাকা থেকে তাঁর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শাহাদাতের বড় ভাই হত্যা মামলা করলেও এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। শাহাদাৎ উপজেলার ঢালারপাড় গ্রামের ফজলুল হক মৃধার ছেলে।