দোহারে সেতুর গার্ডার ভেঙে দুই শ্রমিক নিহত, আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার উপজেলায় গতকাল শুক্রবার দুপুরে সংস্কারকাজ চলাকালে একটি সেতুর গার্ডার ভেঙে পড়ে দুজন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন শ্রমিক আহত হন। নিহত শ্রমিকেরা হলেন: উপজেলার মধুরচর গ্রামের বোরহান (২০) ও মনির (২২)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে ৩০ থেকে ৩২ জন শ্রমিক কাজীরচর মোড়ে ওই সেতুর সংস্কারকাজে নিয়োজিত ছিলেন। এ সময় সেতুর গার্ডার ভেঙে নিচে থাকা শ্রমিকদের ওপর পড়ে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে বোরহান ও মনিরের লাশ উদ্ধার করেন। জালাল ও সানোয়ারসহ ছয় শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করা হয়। আহত অপর চারজনের পরিচয় পাওয়া যায়নি। তাঁদের দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন বেসরকারি চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। দোহার থানার পরিদর্শক (তদন্ত) কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বোরহান ও মনিরের লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।