দোহারের সব রাস্তার একই দশা, সংস্কারে উদ্যোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার উপজেলার প্রায় সব রাস্তাঘাটের একই দশা। খানাখন্দে ভরা রাস্তাগুলো যেন মৃত্যুফাঁদ। প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। দুরবস্থা সত্ত্বেও এগুলো সংস্কারে দীর্ঘদিন ধরে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এলাকাবাসীর অভিযোগ, উপজেলা সদরের প্রধান সড়ক থেকে শুরু করে এমন কোনো রাস্তা নেই যা যানবাহন ও জনসাধারণের চলাচলের উপযোগী। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত দোহারের রাস্তাগুলো সংস্কারে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে পিচ ঢালাই ও ইট সরে গিয়ে রাস্তাগুলোর বেশির ভাগ স্থানেই তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ। সামান্য বৃষ্টিতেই কাদা-পানি একাকার হয়ে এসব রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সরেজমিনে গিয়ে এলাকাবাসীর অভিযোগের সত্যতা পাওয়া যায়। উপজেলা সদরে জয়পাড়া বাজার রাস্তা, বাইপাস সড়ক, ঢাকা-দোহার সড়কের শ্রীনগর থেকে বাহ্রাঘাট পর্যন্ত বিভিন্ন স্থানে পিচ ঢালাই ও ইট সরে গেছে। রাস্তায় সৃষ্ট অসংখ্য খানাখন্দে পানি জমে গেছে। যানবাহনগুলো অত্যন্ত ঝুঁকি নিয়ে এসব রাস্তায় চলাচল করছে।দোহারের বাসিন্দা আবদুল কাইয়ুম বলেন, ‘রাস্তার দুরবস্থার কারণে প্রয়োজন থাকলেও উপজেলা সদরে যাওয়ার ইচ্ছা হয় না। এলাকায় একজন প্রতিমন্ত্রী থাকলেও তিনি এ বিষয়ে কোনো ব্যবস্থা নেননি।’পরিবহনচালক দেলোয়ার হোসেন বলেন, জীবনের ঝুঁকি নিয়ে এ সড়কে গাড়ি চালাতে হয়। ঝাঁকুনিতে যাত্রীরা অসুস্থ হয়ে পড়েন। ক্ষতি হয় গাড়ির ইঞ্জিনসহ বিভিন্ন যন্ত্রাংশের। আবার খানাখন্দে পড়ে দুর্ঘটনা ঘটলে তার দায় নিতে হয় চালকদেরই। তিনি জনদুর্ভোগ কমাতে দ্রুত রাস্তাটির সংস্কারের দাবি জানান।সড়ক ও জনপথ বিভাগের মুন্সিগঞ্জ রেঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আতাউর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তাঁর ব্যক্তিগত মুঠোফোন নম্বরে বেশ কয়েকবার ফোন দেওয়া হলেও তিনি তা ধরেননি। দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামঞ্চদ আল আমিন বলেন, ‘রাস্তাঘাটের বিষয়টি জনপ্রতিনিধিদের। তাই এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।’