দোয়া, মিলাদ মাহফিল ও দরিদ্রভোজের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের চাষাঢ়া আওয়ামী লীগ অফিসে বোমা হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় গতকাল বুধবার দোয়া, মিলাদ মাহফিল ও দরিদ্রভোজের আয়োজন করা হয়।শহরের শীতলক্ষ্যা তোলারাম মোড় এলাকায় বোমা হামলায় নিহত শহর ছাত্রলীগের সভাপতি সাইদুল হাসান বাপ্পী স্মৃতি সংসদ তাদের পাঁচ দিনের কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে দরিদ্রভোজ, কোরআনখানি, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। সংসদের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে চলবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। এ ছাড়া নিহত ২০ জনের পরিবার আলাদাভাবে পারিবারিক অনুষ্ঠান পালন করে।বিকেলে জেলা আওয়ামী লীগ শহরে শোক মিছিল বের করে। মিছিলটি শহরের চাষাঢ়ার শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের দুই নম্বর রেলগেট এলাকায় জেলা আওয়ামী লীগ অফিস হয়ে আবার শহীদ মিনারে এসে শেষ হয়। শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম। সমাবেশে আওয়ামী লীগের সাবেক সাংসদ শামীম ওসমান বলেন, ‘আমরা জানি, এ ঘটনায় কারা জড়িত। আমি যদি মুখ খুলি, তাহলে নারায়ণগঞ্জে অনেকের মাটি দেওয়ার জায়গা হবে না। আমাদের কাঁধে অনেকের লাশের বোঝা আছে। আমরা ধৈর্য ধরেছি।’শহর আওয়ামী লীগ আসরের নামাজের পর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন। বক্তব্য দেন জাসদ নেতা মোহর আলী চৌধুরী, ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত প্রমুখ।জেলা আওয়ামী লীগ, জেলা আইনজীবী সমিতি, নারায়ণগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ, ১৪ দল, নারায়ণগঞ্জ পরিবহন মালিক শ্রমিক ঐক্যজোট, বঙ্গবন্ধু প্রজন্ম, ঘাতক দালাল নির্মূল কমিটিসহ বিভিন্ন সংগঠন ১৬ জুনের শহীদদের স্মরণে ঘটনাস্থলে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে।