দোয়া করবেন সঙ্গে থাকবেন, বললেন সৌম্য-মুস্তাফিজ

তিন ম্যাচের সিরিজে ভারতের সঙ্গে সিরিজ সেরা হয়েছেন মুস্তাফিজুর রহমান। এই সিরিজেই বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান সৌম্য সরকারের। ভারতের সঙ্গে সিরিজ শেষে সৌম্য ও মুস্তাফিজুরের সঙ্গে পেসার শেখ রবিউল ইসলামকেও সংবর্ধনা দিয়েছে ঢাকাস্থ সাতক্ষীরাবাসী। কারণ, এই তিনজনই সাতক্ষীরার। সংবর্ধনা অনুষ্ঠানে খেলোয়াড়েরা সবার কাছে দোয়া চেয়েছেন এবং দলের সঙ্গে থাকার আহ্বান জানিয়েছেন।
আজ রোববার বিকেলে রাজধানীর বিএমএ মিলনায়তনে তাঁদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ঢাকায় অবস্থানরত সাতক্ষীরার সাংসদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে খেলোয়াড়দের ক্রেস্ট, জাতীয় পতাকা ও ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।

সংবর্ধনায় খেলোয়াড়দের মধ্যে প্রথমে বক্তব্য দিতে আসেন সদ্যসমাপ্ত ভারত-বাংলাদেশ সিরিজের তরুণতুর্কি মুস্তাফিজ। স্লোয়ার আরও কাটারে ভারতবধের নায়ক বরাবরের মতো আজও স্বল্পভাষী। বললেন, ‘সংবর্ধনার জন্য সবাইকে ধন্যবাদ। দোয়া করবেন, দেশের জন্য যেন অনেক দিন খেলতে পারি।’
নির্ভীক শটে ইতিমধ্যে যিনি ‘ফিয়ারলেস’ হিসেবে পরিচিতি পেয়েছেন সেই সৌম্য বললেন, ‘আমাদের সম্মানিত করার জন্য সবাইকে ধন্যবাদ। সবার কাছে চাওয়া একটাই—দোয়া করবেন, সঙ্গে থাকবেন।’
এরপর পেসার রবিউল ইসলাম বললেন, ‘আজকে আমাদের যে সম্মানটা দেওয়া হলো তা সারা জীবন মনে থাকবে। আমাদের যেভাবে সম্মানিত করা হয়েছে, আশা করি আমাদের জেলার কৃতী ফুটবলার, হ্যান্ডবলসহ অন্য অঙ্গনের খেলোয়াড়দেরও সম্মানিত করা হবে।’

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা থেকে নির্বাচিত সাংসদ আ ফ ম রুহুল হক বলেন, দুই-তিন সপ্তাহ আগেও কেউ জানত না মুস্তাফিজ নামের কাউকে। আজ ক্রিকেট দুনিয়ার সবাই তাঁকে চিনে। তিনি ক্রিকেটারদের উদ্দেশ করে বলেন, ‘এটা তোমাদের শুরুর শুরু। নিজেদের মধ্যে অহমিকা না এলে, নিয়মিত অনুশীলন করলে তোমরা অনেক দূর যাবে।’
রুহুল হক বলেন, ‘তোমাদের গৌরবে আমরা গৌরবান্বিত হয়েছি। সাতক্ষীরার বিভিন্ন এলাকায় ক্রিকেটে অনেকে ভালো করছে। আশা করি তাঁদের তোমরা সাহায্য করবে।’ তিনি বলেন, ‘সৌম্যদের বড়িতে বিদ্যুৎ নেই। আগামী ১০ দিনের মধ্যে তাঁদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছে যাবে, সেই ব্যবস্থা করে এসেছি।’ মুস্তাফিজদের গ্রামের বাড়িতে যাওয়ার রাস্তাও তিনি মেরামত করে দেওয়ার আশ্বাস দেন।
অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল বলেন, ‘সাতক্ষীরার জাদুঘরে আমার ছবি আছে। আশা করি, ওই ছবির ওপরে তোমাদের ছবি থাকবে।’