দোয়ার জন্য আরেকটু সহযোগিতা দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসিখুশি মেয়ে মেহরিন খান দোয়ার (৯) ব্লাড ক্যানসার ধরা পড়ে বছর দেড়েক আগে। তার বাবা সামান্য বেতনের চাকুরে। দোয়ার চিকিত্সায় সহায়তার জন্য বছর দেড়েক আগে প্রথম আলোয় সাহায্যের আবেদন জানানো হয়। তখন অনেকেই তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন। এভাবে ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে দোয়ার চিকিত্সা শুরু হয়। ব্যয়বহুল অস্থিমজ্জা প্রতিস্থাপন চিকিত্সার আগে কেমোথেরাপির মাধ্যমে তাকে সুস্থ করে তোলার চেষ্টা করছেন সেখানকার ক্যানসার বিশেষজ্ঞরা। এতে দোয়া এখন অনেকটাই সুস্থ। কেমোথেরাপির কোর্স শেষ করার জন্য শিগগিরই দোয়াকে মুম্বাই নেওয়া দরকার। কিন্তু মুম্বাইয়ে নেওয়ার খরচ জোগাড় করা তার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। বাবা-মার সঙ্গে দোয়াও প্রথম আলো কার্যালয়ে এসেছিল। তার চোখেমুখে প্রত্যাশা—প্রথম আলোয় খবর বের হলে বিবেকবান মানুষেরা নিশ্চয়ই সাড়া দেবেন। কেমোথেরাপি শেষ হলে দোয়ার বেঁচে ওঠার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠবে। আর এ জন্য প্রয়োজন মাত্র দুই লাখ টাকার। সাহায্য পাঠানোর ঠিকানা: হারুন-অর-রশীদ, ব্যাংক হিসাব নং-১২৩১৪৬, পূবালী ব্যাংক লি., সেইলর্স কলোনি শাখা, চট্টগ্রাম। যোগাযোগ: ০১৭১০-৬১৮৫৭৯।