দোয়ারাবাজারে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও ২০ জন আহত হয়েছে। গতকাল সোমবার উপজেলার দোহালিয়া ইউনিয়নের ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ধর্মপুর গ্রামের ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবদুল জলিল ও শাহজাহান চৌধুরীর মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। গতকাল দুই পক্ষের লোকজন গ্রামের পাশে জমিতে কাজ করতে গেলে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় শাহজাহান চৌধুরীর পক্ষের বোরহান উদ্দিনকে (২০) রামদা দিয়ে কুপিয়ে ঘটনাস্থলে খুন করা হয়। এ ছাড়া উভয় পক্ষের আহত হয় ২০ জন। এদের মধ্যে আবদুল আউয়াল, আবদুল কদ্দুস, নুরুল ইসলাম, হারুন মিয়া, আলী হোসেন, মরতুজ আলী, আব্বাস উদ্দিন, আবদুস সামাদ, আবদুর রহমান, সোনাপাখি বেগম, শাহজামান চৌধুরীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় আবদুল হান্নান নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।শাহজাহান চৌধুরী বলেন, ‘আমাদের মধ্যে ২০০৬ সাল থেকে নানা বিষয় নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে মামলাও রয়েছে। আমাদের লোকজন জমিতে কাজ করতে গেলে আবদুল জলিলের লোকজন হামলা চালায় এবং পরে সংঘর্ষ হয়।’ সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল জলিল বলেন, ‘আমাদের লোকজনের ওপর তারা আগে হামলা করেছে। গত দুই দিন আগেও তারা হামলা করে আমাদের একজনকে গুরুতর আহত করে।’ ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।