দোয়ারাবাজারে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ৫০ টাকা পাওনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে রুহেল (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছে ২০ জন। মঙ্গলবার রাতে দোহালিয়া ইউনিয়নের প্রতাপপুর গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতাপপুর গ্রামের রজব আলীর ছেলে সাদ্দাম হোসেন একই গ্রামের তাহির আলীর পুত্র রুহেলের কাছে ৫০ টাকা পাওনা ছিল। মঙ্গলবার সন্ধ্যায় এ টাকা নিয়ে সাদ্দাম ও রুহেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপর তারাবির নামাজ শেষে মসজিদ থেকে বের হলে রাত ১০টার দিকে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে রুহেল গুরুতর আহত হন। ছাতক উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় নুরুল ইসলাম (৩৫), আল আমিন (২৭) ও নুরুল আমিনকে (৩২) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।