দোয়ারাবাজারে বিজয় আনন্দ মেলার নামে জুয়ার আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সদরে মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত তিন দিনব্যাপী বিজয় আনন্দ মেলার নামের জুয়ার আসর চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে উপজেলা সদরের শরিফপুর গ্রামের পাশে সুরমা নদীর তীরে এই আনন্দ মেলা শুরু হয়েছে বুধবার রাত থেকে।উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে বিতরণ করা আনন্দ মেলার প্রচারপত্রে উল্লেখ করা হয়েছে, মহান বিজয়ের ৪০ বছর পূর্তি উপলক্ষে তিন দিনের এই আনন্দ মেলায় ঘৌড়দৌড় ও ষাঁড়ের লড়াই প্রতিযোগিতা ছাড়াও প্রতিদিন বাউল গান হবে। পরে বিজয়ীদের পুরস্কৃত করা হবে। মেলার সব ক্ষেত্রে কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত। প্রচারপত্রে মুক্তিযোদ্ধা সংসদের নাম থাকলে কমিটির কারও নাম নেই। শুধু কয়েকটি মোবাইল নম্বর দেওয়া আছে।এলাকাবাসীর অভিযোগ, আনন্দ মেলার নামে বুধবার রাত থেকে শুরু হয়েছে জুয়ার আসর। এ জন্য বেশ কিছু খুপরি ঘর তৈরি করা হয়েছে। রাতে এসব ঘরেই জুয়াড়িরা আসর বসায়। এ জন্য মেলা কমিটির লোকজনকে রাত হিসেবে ভাড়া দেয় জুয়াড়িরা। রাতে কোনো গান-বাজনা হয়নি। গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মেলা এলাকায় কোনো ঘোড়দৌড় কিংবা ষাঁড়ের লড়াই প্রতিযোগিতাও হয়নি। স্থানীয় মোল্লাপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা মফিজ আলী বলেন, ‘এখানে আসলে মেলার নামে জুয়ার আসর হচ্ছে। শুনেছি মুক্তিযোদ্ধা সংসদের নামে অনুমতি এনে দুই লাখ টাকা দিয়ে অন্য আরও কয়েকজনের কাছে এটি দেওয়া হয়েছে। তারাই এখন জুয়ার আসর বসিয়ে সেই টাকা তুলছে।’ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সদস্য সিরাজুল ইসলাম বলেন, ‘এ নিয়ে সংসদে কোনো আলোচনা হয়নি। কয়েকজন মিলেই এটা করেছে। বিজয়ের আনন্দ মেলা নাম দিলেও এখানে সে রকম কোনো কিছ নাই, জুয়া খেলাই হচ্ছে মূল।’উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সফর আলী বলেন, ‘আমরা অনুমতি নিয়ে মেলা পরিচালনা করছি। টাকা নিয়ে অন্যদের মেলা চালাতে দিয়েছি, এটা ঠিক নয়। মেলা থানার পাশেই হচ্ছে। জুয়ার আসর বসলে তো থানা থেকেই বাধা দিত।’ তিনি জানান, দোকানপাটের জন্য কিছু ঘর করা হয়েছে, জুয়ার আসরের জন্য নয়। আর তিন দিনের মধ্যে যেকোনো একদিন ঘোড়দৌড় ও ষাঁড়ের লড়াই প্রতিযোগিতা হবে।