দোয়ারাবাজারে বেড়িবাঁধ ভেঙে ৫০ গ্রাম প্লাবিত
সুনামগঞ্জে গত চার দিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে দোয়ারাবাজার ও সদর উপজেলা আবারও বন্যাকবলিত হয়ে পড়েছে। দোয়ারাবাজার উপজেলার কয়েকটি বেড়িবাঁধ ভেঙে পাঁচটি ইউনিয়নের প্রায় ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। ঢলের পানির তোড়ে এসব গ্রামের ১৫ থেকে ২০টি কাঁচা ঘরবাড়ি ভেসে গেছে। এ ছাড়া পাহাড়ি ঢল ও বর্ষণে সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় কয়েকটি গ্রাম ও বাজার প্লাবিত হয়েছে। সুরমা নদীর পানি বিপৎসীমার ৭৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জানা গেছে, গতকাল রোববার সকালে দোয়ারাবাজার ইউনিয়নের চিলাই ও মৌলা নদীর বেড়িবাঁধ ভেঙে ১৮টি গ্রাম প্লাবিত হয়েছে। শনিবার রাতে লক্ষ্মীপুর ইউনিয়নের খাসিয়ামারা বেড়িবাঁধ ভেঙে ২০টি গ্রাম এবং বোগলা ইউনিয়নের চিলাইনদী ও ইদুকোনা বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে আরও ১৫টি গ্রাম। সুরমা ইউনিয়নের মহব্বতপুর বাজার, বোগলা বাজার ও চকবাজার প্লাবিত হওয়ায় ব্যবসায়ীরা বেকায়দায় পড়েছেন। উপজেলার সঙ্গে সীমান্তবর্তী পাঁচটি ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পশ্চিম বাংলাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান মাস্টার জানান, বাংলাবাজার, লক্ষ্মীপুর, বোগুলা ও সুরমা ইউনিয়নের সব রাস্তায় বর্তমানে দুই থেকে তিন ফুট পানি রয়েছে। কয়েকটি গ্রামে ঢলের পানির তোড়ে ১৫ থেকে ২০টি কাঁচা বাড়ি ভেসে গেছে। দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কংকন চাকমা জানান, বৃষ্টি ও ঢল অব্যাহত রয়েছে। পরিস্থিতি খুব খারাপ। পানি বাড়ছে। প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক থাকতে বলা হয়েছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান জানান, বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় নদীর পানি বাড়ছে। গতকাল বেলা তিনটায় সুনামগঞ্জের কাছে সুরমা নদীর পানি বিপৎসীমার ৭৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় ২১০ মিলিলিটার বৃষ্টিপাত হয়েছে।