সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কঙ্কন চাকমাকে গতকাল সোমবার স্থানীয় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। চেয়ারম্যানরা ইউএনওকে তাঁর কার্যালয়ে ঘেরাও করে রাখেন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে।নাম প্রকাশে অনিচ্ছুক একজন চেয়ারম্যান বলেন, ইউএনও তাঁদের কাছে টিআরের (টেস্ট রিলিফ) বরাদ্দ থেকে ৩০ শতাংশ দাবি করেছেন। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। অন্যদিকে ইউএনও কঙ্কন চাকমা বলেন, পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বিকেলে স্থানীয় সাংসদ মুহিবুর রহমানের দোয়ারাবাজার উপজেলা সদরে পূজামণ্ডপ পরিদর্শনে আসার কথা ছিল। এর আগে বেলা তিনটার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন মিয়াসহ নয়টি ইউপির চেয়ারম্যানরা সমবেত হন। পরে ইউএনও সেখানে যান। এ সময় ইউএনও কঙ্কন চাকমা টিআরের বরাদ্দ নিয়ে চেয়ারম্যানদের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে এ নিয়ে উত্তেজনা দেখা দিলে চেয়ারম্যানরা ক্ষুব্ধ হয়ে ইউএনওকে কিল-ঘুষি মারেন। পরে তিনি দৌড়ে নিজের কক্ষে চলে যান। এরপর চেয়ারম্যান ও তাঁদের সমর্থকেরা ইউএনও কার্যালয় ঘেরাও করেন। পরে পুলিশ ইউএনওকে তাঁর বাসায় পৌঁছে দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন চেয়ারম্যান অভিযোগ করেন, টাকা ছাড়া ইউএনও কোনো কাজ করেন না। তিনি টিআরের বরাদ্দ থেকে ৩০ শতাংশ দাবি করেছেন। কিন্তু চেয়ারম্যানরা এতে রাজি না হলে তিনি ক্ষুব্ধ হন এবং কীভাবে তাঁরা বিল পান, তা দেখে নেওয়ার হুমকি দেন।এদিকে এ ঘটনার পর চেয়ারম্যানরা ইউএনওকে দোয়ারাবাজার থেকে অবিলম্বে প্রত্যাহারের দাবিতে মিছিল করেছেন। ইউএনও কঙ্কন চাকমা ঘুষ দাবির অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘আমি নিয়মের বাইরে কোনো কিছু করি না। এ কারণে চেয়ারম্যানরা আমার ওপর ক্ষুব্ধ ছিলেন। তাঁরা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছেন।’ তাঁর অভিযোগ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন মিয়া প্রথমে তাঁকে কিল-ঘুষি মারেন। এরপর অন্যরা আক্রমণ করেন। বিষয়টি তিনি সাংসদকে জানিয়েছেন।উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন মিয়ার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি সিলেট বিভাগীয় কমিশনার স্যারের সঙ্গে কথা বলছি। এ নিয়ে পরে কথা বলব।’