দোয়ারাবাজারের ইউএনওকে বদলি, থানায় মামলা
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কংকন চাকমাকে সিলেটের বিয়ানীবাজারে বদলি করা হয়েছে। গত সোমবারের ঘটনার পর ওই দিন রাতেই ইউএনও বাদী হয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং চারটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে আসামি করে থানায় একটি মামলা করেছেন।এদিকে গতকাল মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন এলাকার লোকজন উপজেলা সদরে এসে ইউএনওকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেন। বিকেলে স্থানীয় রেজিস্ট্রি মাঠে একই দাবিতে ‘সর্বস্তরের দোয়ারাবাজারবাসীর’ ব্যানারে সমাবেশ করা হয়। একপর্যায়ে সমাবেশে উপস্থিত হয়ে স্থানীয় সাংসদ মুহিবুর রহমান ইউএনওকে দোয়ারাবাজার থেকে প্রত্যাহার করা হয়েছে জানালে পরিস্থতি শান্ত হয়। ইউএনওর করা মামলায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন মিয়া, বাংলাবাজার ইউপির (ইউপি) চেয়ারম্যান আবদুস সোবহান, দোহালিয়া ইউপির চেয়ারম্যান আবদুল জলিল, পাণ্ডারগাঁও ইউপির চেয়ারম্যান আবদুল ওয়াহিদ, লক্ষ্মীপুর ইউপির চেয়ারম্যান আমিরুল হককে আসামি করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে গতকাল সকাল থেকে উপজেলা সদরে দাঙ্গা পুলিশ মোয়াতেন করা হয়। বিকেলে দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুছের সভাপতিত্বে সমাবেশ হয়। এতে বক্তব্য দেন সুরমা ইউপির চেয়ারম্যান শাহজাহান মাস্টার, দোয়ারাবাজার ইউপির চেয়ারম্যান আবদুল খালেক, নরসিংপুর ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমান, মান্নারগাঁও ইউপির চেয়ারম্যান মোহাম্মদ আলী খান, বোগলা ইউপির চেয়ারম্যান আহমদ আলী প্রমুখ।দোয়ারবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সুজা ইউএনওর মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে গতকাল সন্ধ্যায় জানান, দোয়ারাবাজার সদরে পুলিশ মোতায়েন আছে। এখন পরিস্থিতি শান্ত। এ ব্যাপারে কথা বলার জন্য সুনামগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরীর মুঠোফোনে গতকাল সন্ধ্যায় একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি। জেলা প্রশাসনের অন্য কর্মকর্তারা এ বিষয়ে কথা বলতে রাজি হননি।বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ইউএনওকে প্রত্যাহার করা হয়নি। সিলেটের গোয়াইনঘাটে বদলি করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলার নয়টি ইউয়িন পরিষদের চেয়ারম্যানদের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হন কংকন চাকমা। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে। চেয়ারম্যানরা অভিযোগ করেন, ইউএনও তাঁদের কাছে টিআরের (টেস্ট রিলিফ) বরাদ্দ থেকে ৩০ শতাংশ তাঁকে দেওয়ার দাবি জানান এবং এ জন্য তাঁদের হুমকি দেন। এ নিয়ে তর্কের একপর্যায়ে তিনি লাঞ্ছিত হন। তবে কংকন চাকমা এ অভিযোগ অস্বীকার করে জানান, তিনি নিয়মের বাইরে তাঁদের সুযোগ-সুবিধা না দেওয়ায় পরিকল্পিতভাবে তাঁকে লাঞ্ছিত করা হয়।