দোয়েল ল্যাপটপ বিক্রি আপাতত বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী দেশের জনসংখ্যা ১৪ কোটি ৭৯ লাখ। এই হিসাবে ২০১১ সালের ৩০ জুন পর্যন্ত জনপ্রতি বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ ১৬০ মার্কিন ডলার। গতকাল মঙ্গলবার সংসদের প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী এ কথা বলেন। টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ জানান, দোয়েল ল্যাপটপ বাজারজাত আপাতত বন্ধ থাকবে। বিকেলে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হলে গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশে বৈদেশিক ঋণের স্থিতি দুই হাজার ২৩০ কোটি ডলার। যা জিডিপির মাত্র ২২ দশমিক ৩ শতাংশ। যে কারণে বাংলাদেশকে কম ঋণগ্রস্ত দেশ হিসাবে অভিহিত করা হয়। তারানা হালিমের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সঞ্চয়পত্রের মুনাফার হার পুনর্নির্ধারণের জন্য একজন সচিবকে সভাপতি করে আট সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে। সফিকুল ইসলামের প্রশ্নের জবাবে টেলিযোগাযোগমন্ত্রী বলেন, গত তিন বছর অবৈধ ভিওআইপির কার্যক্রম প্রতিরোধে বিটিআরসি নয় লাখ ৭৫ হাজার ৭৯০টি মোবাইল ফোনের সিম বন্ধ, ২১টি অপারেটরের লাইসেন্স বাতিল, ৩০ হাজার ৭৮৯টি আইপি অ্যাড্রেস বন্ধ করা হয়েছে।দোয়েল বাজারজাত আপাতত বন্ধ: সুবিদ আলী ভূঁইয়ার প্রশ্নের জবাবে রাজিউদ্দিন আহমেদ জানান, ১১ অক্টোবর প্রধানমন্ত্রী দোয়েল ল্যাপটপ সংযোজন ও বিপণন কার্যক্রম উদ্বোধনের পর দোয়েল ব্র্যান্ডের ২০১২ মডেলের প্রতিটি ১০ হাজার টাকা মূল্যে স্বল্পসংখ্যক নেটবুক বিতরণ করা হয়। সে সময় ল্যাপটপ ব্যাপকভাবে উৎপাদন ও বাজারজাতকরণের আগে পরীক্ষা-নিরীক্ষার জন্য বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়। কমিটির মতামতের ভিত্তিতে ১০ হাজার টাকা মূল্যমানের দোয়েল-২০১২ মডেলের নেটবুক সংযোজন ও বাজারজাতকরণের কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে। অদূরভবিষ্যতে আরও কম মূল্যে ট্যাবলেট পিসি সংযোজনের কার্যক্রম নেওয়ার বিষয়টি বিবেচনাধীন রয়েছে।