দৌলতখানে আগুনে ১০ জেলের ঘর ছাই, আহত ৫
ভোলা দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের টগবী গ্রামের আশ্রয়ণ প্রকল্পের ১০ জেলের ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গত রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ সময় আগুন নেভাতে গিয়ে পাঁচজন আহত হন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সাড়ে আটটার দিকে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরের চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এ আগুন অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন দুই ঘণ্টা চেষ্টা করার পর রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আশ্রয়ণ প্রকল্পের সেলিম মাঝি-১, সেলিম মাঝি-২, এলাহী মাঝি, হারুন মাঝি, আবদুল অদুদ মাঝি, আমির হোসেন মাঝি, ফারুক মাঝি, জলিল মাঝি, খোকন মাঝি ও মাফিজ মাঝির ঘর ভস্মীভূত হয়েছে।প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর আলম বলেন, আগুন নেভাতে গিয়ে পাঁচ-ছয়জন আহত হয়েছে। মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন বলেন, ‘নদীতে আগের মতো মাছ নেই। এ কারণে জেলেরা এমনিতেই সমস্যার মধ্যে আছে। ওদের সহায়তা করার জন্য আমরা চেষ্টা করছি।’