দৌলতখানে দিনভর বিএনপি-শ্রমিক লীগের মহড়া, উত্তেজনা
প্রশাসনের বাধার কারণে ভোলার দৌলতখান বাজারে গতকাল সোমবার সকালে বিএনপি ও শ্রমিক লীগ তাদের পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করতে পারেনি। তবে উভয় পক্ষের মহড়ার কারণে দিনভর ওই এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছিল।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জানান, সোমবার সকাল ১০টায় বিএনপি দৌলতখান বাজারে বিক্ষোভ-সমাবেশ আহ্বান করে। এ জন্য আবেদন করা হয় ২৮ অক্টোবর। একই দিন ও একই সময় শ্রমিক লীগও কর্মিসভা আহ্বান করে। তারা আবেদন করে ২৯ অক্টোবর। দুই পক্ষের কর্মসূচি ঘিরে উত্তেজনা দেখা দিলে গত ৩১ অক্টোবর চিঠি দিয়ে উভয় পক্ষকে কর্মসূচি পালনে বিরত থাকতে বলা হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন হাওলাদার বলেন, তাঁরা আগে কর্মসূচি আহ্বান করলেও প্রশাসন তাঁদের কর্মসূচি পালন করতে দেয়নি। উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান মিয়া অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের ক্যাডাররা বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে। অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক বিএনপির নেতা-কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ তিনি অস্বীকার করেন।