দৌলতখানে দুর্বৃত্তের অ্যাসিডে ঝলসে গেছে কলেজছাত্রীর শরীর
ভোলার দৌলতখান উপজেলার চর খলিফা ইউনিয়নের দিদারুল্লাহ গ্রামে শনিবার মধ্যরাতে রুমা বেগম (১৮) নামের এক ছাত্রীর ওপর অ্যাসিড ছোড়া হয়েছে। অ্যাসিডে তাঁর শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। রুমাকে ভোলায় প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তিনি দৌলতখান আবি আবদুল্লাহ মহাবিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী।রুমার মা বিনু বেগম এ ঘটনায় আবুল কালামের (৩০) বিরুদ্ধে দৌলতখান থানায় মামলা করেছেন। আবুল কালাম পলাতক। ভোলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সামী আহমেদ জানান, অ্যাসিডে রুমার মুখমণ্ডল ও হাত ঝলসে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রুমার পরিবার সূত্র জানায়, শনিবার রাত ১১টার দিকে দুর্বৃত্তরা ঘরের বেড়ার ওপর দিয়ে ঘুমন্ত অবস্থায় রুমার ওপর অ্যাসিড ছুড়ে পালিয়ে যায়। এতে তাঁর মুখমণ্ডল ও ডান হাতসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। ওই রাতেই তাঁকে দৌলতখান ও ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।রুমা অভিযোগ করেন, একই বাড়ির আবুল কালাম তাঁকে উত্ত্যক্ত করতেন। এ নিয়ে এলাকার মুরব্বিদের কাছে অভিযোগ করলে আবুল কালাম তাঁর ওপর অ্যাসিড নিক্ষেপ করার হুমকি দেন। তবে আবুল কালাম বলেছেন, এ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। পূর্বশত্রুতার জের ধরে প্রভাবশালীদের চাপে এই ঘটনায় তাঁকে জড়ানো হচ্ছে। দৌলতখান থানার ওসি মোবাশ্বের আলী বলেন, আসামিকে ধরার চেষ্টা চলছে।