ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়ন থেকে গতকাল শুক্রবার হীরালাল নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। অভিযোগ উঠেছে, জমি নিয়ে বিরোধের জের ধরে হামলার ঘটনার পর থেকে হীরালাল নিখোঁজ ছিলেন।স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতখানের মদনপুর ইউনিয়নটি ভোলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। গত বুধবার সেখানে একটি চরের দখল নিতে ২৬-২৭ জনের একটি দল যায়। রাতে তারা প্রতিপক্ষের হামলার শিকার হয়।এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা ভবরঞ্জন শীল জানান, দুর্বৃত্তদের হামলায় তাঁদের প্রায় ২০ জন আহত হন। জাফর পণ্ডিতের নির্দেশে লাঠিয়াল বাহিনী ওই হামলা চালায়। লাঠিয়াল বাহিনীর সদস্যরা মো. শাজাহান (৬৪) ও হীরালাল (৭৬) নামের দুই ব্যক্তিকেও অপহরণ করে। শাজাহানের বাড়ি ভোলা সদর উপজেলার ভেদুরিয়া গ্রামে এবং হীরালালের বাড়ি চরফ্যাশনে। গতকাল সকাল ১০টার দিকে মদনপুরে জাফর কলোনির পাশের নদীতে হীরালালের লাশ এলাকাবাসী ভাসতে দেখে তা শনাক্ত করে পুলিশে খবর দেয়।দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান প্রথম আলোকে বলেন, লাশের ময়নাতদন্ত প্রতিবেদনে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যেতে পারে।