দৌলতখানের সহস্রাধিক পরিবার চরম দুর্ভোগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারে ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের তিনটি ওয়ার্ডের সহস্রাধিক পরিবার চরম দুর্ভোগে পড়েছে। জোয়ারে ইউনিয়নের মাখন কলোনির সামনের রিং বাঁধ ভেঙে যাওয়ায় ওই তিনটি ওয়ার্ড এখন দিনে দুবার প্লাবিত হচ্ছে।
গত বুধবার দুপুরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নে গিয়ে দেখা যায়, চারদিকে পচা গন্ধ। অনেক জায়গায় হাঁস-মুরগি মরে পড়ে আছে। ইউনিয়নের মাখন কলোনির সামনে থেকে প্রায় ২০০ মিটার বন্যানিয়ন্ত্রণ রিং বাঁধ ২৫ জুলাই জোয়ারের কারণে ভেঙে যাওয়ায় এই তিনটি ওয়ার্ডের সহস্রাধিক পরিবার প্লাবিত হচ্ছে। জোয়ারের তোড়ে অধিকাংশ পরিবারের ঘরের মেঝে, বেড়া, খুঁটি ভেঙে গেছে। পুকুরের মাছ ও খেতের ফসল ভেসে গেছে। অনেকে ঘর ছেড়ে পাশের বিদ্যালয়ে বসবাস শুরু করেছে। অনেক জায়গায় পাঁচ-ছয়টি পরিবার একত্র হয়ে এক পাতিলে রান্না করছে। রাতও কাটাচ্ছে এক ঘরে। এর মধ্যে ৬ নম্বর ওয়ার্ডের অবস্থা বেশি খারাপ।
৪৩ নম্বর উত্তর বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও শ্রেণিকক্ষ কাদা-পানিতে ভরা। দোতলার চারটি কক্ষে বুধবার প্রথম সাময়িক পরীক্ষা চলছিল। পঞ্চম শ্রেণির মো. শরীফ, আওলাদ, লাইজুসহ কয়েকজন শিক্ষার্থী বলে, তাদের ঘরে জোয়ারের পানি ওঠে। রাতে তারা মাচার ওপর ঘুমায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুষ্প রানী দে বলেন, শিশুদের অধিকাংশই পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছে। অনেক শিশুর পায়ে ঘা হয়ে গেছে।
×৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অমৃত চন্দ্র অধিকারী, পরিমল তেলীসহ কয়েক ব্যক্তি বলেন, দিনরাতে পানি-কাদায় হাঁটতে হাঁটতে পায়ে ঘা হয়ে গেছে। শিশুদের জ্বর-সর্দি লেগেই আছে। অনেক পরিবারে ডায়রিয়া দেখা দিয়েছে।
একই ওয়ার্ডের সানাউল্যাহ, রশিক লাল, নুরুন্নাহার, সেলিমসহ কয়েকজন বলেন, গত বুধবার পর্যন্ত ১২ দিনে সরকার মাত্র ২৫ কেজি চাল দিয়েছে। এমন অবস্থা হলে তাঁদের না খেয়ে মরতে হবে।
সৈয়দপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জামাল উদ্দিন বলেন, ১২ দিন ধরে তাঁর ইউনিয়নের ১ হাজার ১৫০টি পরিবার প্লাবিত হচ্ছে। এর মধ্যে ৬০০ পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হয়েছে। ৩৫০ কেজি চাল ৬ নম্বর ওয়ার্ডে ও ২৫০ কেজি চাল ৮ নম্বর ওয়ার্ডে বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুল রহমান বলেন, উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রায় ছয় হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে সৈয়দপুরে বেশি ক্ষতি হয়েছে।
জেলা সিভিল সার্জন ফরিদ আহমেদ বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় চিকিৎসা দল পাঠানো হবে।