রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে গতকাল সোমবারও ছিল যানবাহনের চাপ। সকালের দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও বিকেল থেকে যানবাহনের সারি ঘাট ছেড়ে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ হয়। পারাপারের অপেক্ষায় দুই শতাধিক গাড়ি। এতে ঈদ শেষে কর্মস্থলগামী লোকজন চরম দুর্ভোগে পড়েন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) ও ঘাটসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত তিন দিন ছোট গাড়ির চাপ বেশি থাকলেও গতকাল তা কমে আসে। তবে গতকাল যাত্রীবাস ও পণ্যবাহী ট্রাকের চাপ ছিল ব্যাপক। দুপুরের পর থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা থেকে ছেড়ে আসা দূরপাল্লার বাস দু-তিন ঘণ্টা সিরিয়ালেই বসে থাকে।
সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী বাস এ কে ট্রাভেলসের চালক আনোয়ার মিয়া বলেন, ‘বেলা তিনটায় ঘাটে এসে তিন ঘণ্টা পর ফেরির নাগাল পেয়েছি।’ যাত্রী সোলায়মান হোসেন কর্মস্থলে যোগ দিতে স্ত্রী-সন্তান নিয়ে চট্টগ্রামের উদ্দেশে সকালে রওনা হয়ে বেলা তিনটায় ঘাটে পৌঁছে আটকা পড়েন দীর্ঘ সিরিয়ালে। প্রায় তিন ঘণ্টা বসে থাকার পর ফেরি পান।
এ কে ট্রাভেলসের ঘাট তত্ত্বাবধায়ক শহিদুল ইসলাম জানান, বেলা তিনটার পর থেকে সাতক্ষীরা, খুলনা, যশোর ও মাগুরা থেকে আসা তাঁদের কোম্পানির ১৯টি যাত্রীবাহী বাস সিরিয়ালে আটকে আছে। দীর্ঘক্ষণ আটকে থেকে এসব গাড়ির অনেক যাত্রীই অসুস্থ হয়ে পড়েন।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক আবু আবদুল্লাহ জানান, সোমবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ৪৩৩টি বাস, ২৫০টি ট্রাক ও ৭৮৭টি ছোট গাড়ি দৌলতদিয়া ঘাট দিয়ে পার হয়।
বিআইডব্লিউটিসির আরিচার সহকারী মহাব্যবস্থাপক আবদুল কুদ্দুস জানান, সাময়িক সমস্যা হওয়ায় সোমবার সন্ধ্যা পর্যন্ত দৌলতদিয়ায় দুই শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় ছিল। রোববার সকালে যান্ত্রিক ত্রুটিতে বসে থাকা ফেরি ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান’ ওই দিনই সন্ধ্যায় চালু হয়। সোমবার বেলা ১১টায় আরেকটি বড় ফেরি ‘শাহ আলী’তে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তা স্বাভাবিক হয় ও পারাপার শুরু করে।
এ ছাড়া ছোট ফেরি ‘কুমারী’ যান্ত্রিক সমস্যায় বিকেল চারটায় বসে পড়ায় বর্তমানে ১০টি বড় ও দুটি ছোট ফেরি যানবাহন পারাপার করছে।