দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলাচলে বিঘ্ন, ছয় ফেরি আটকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি পারাপার বিঘ্নিত হওয়ায় গতকাল দুই ঘাটেই আটকে পড়ে কয়েক শ যানবাহন। ট্রাক ও বাসের দীর্ঘ সারির এই ছবিটি পাটুরিয়া ঘাট থেকে তোলা প্রথম আলো
পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি পারাপার বিঘ্নিত হওয়ায় গতকাল দুই ঘাটেই আটকে পড়ে কয়েক শ যানবাহন। ট্রাক ও বাসের দীর্ঘ সারির এই ছবিটি পাটুরিয়া ঘাট থেকে তোলা প্রথম আলো

নাব্যতা সংকটের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচলে বিঘ্ন ঘটছে। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটের উজানে পদ্মার ব্যাপক ভাঙনের ফলে নৌপথ (চ্যানেল) ভরাট হয়ে গেছে।গত পাঁচ দিনে ছয়টি ফেরি এই চ্যানেলে আটকা পড়েছে। বারবার ফেরি চলাচল বিঘ্নিত হতে থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে আটকা পড়েছে সহস্রাধিক গাড়ি।বিআইডব্লিউটিএর খনন বিভাগের নির্বাহী প্রকৌশলী তারিকুল হাসান জরিপ বিভাগের প্রাথমিক প্রতিবেদনের বরাত দিয়ে প্রথম আলোকে জানান, ওই ঘাটের প্রায় এক কিলোমিটার উজানে দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নে ব্যাপক নদীভাঙনে বেশ কয়েকটি গ্রাম গত কয়েক দিনে বিলীন হয়ে গেছে। এসব বালু-মাটি স্রোতে চ্যানেলে এসে ভরাট হওয়ায় বর্ষার মধ্যেও অপ্রত্যাশিতভাবে চ্যানেলে বারবার ফেরি আটকে যাচ্ছে। আগামী শুষ্ক মৌসুমের কথা মাথায় রেখে জরিপ বিভাগের সুপারিশ অনুযায়ী ৩ নম্বর ঘাট বরাবর এক হাজার ৮০০ ফুট দীর্ঘ, ১৫০ ফুট প্রস্থ ও ১১ ফুট গভীর বিকল্প একটি চ্যানেল চালু করতে ২৬ আগস্ট থেকে ড্রেজার দিয়ে খননকাজ চালিয়ে যাওয়া হচ্ছে।এদিকে গতকাল শুক্রবার সকাল আটটার দিকে মাত্র তিনটি যাত্রীবাহী বাস ও ১৬টি ছোট গাড়ি নিয়ে পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা ফেরি কেরামত আলী দৌলতদিয়া চ্যানেলে প্রবেশের সময় স্রোতের ধাক্কায় ভাটিতে গিয়ে ডুবোচরে আটকা পড়ে। বিকেল পর্যন্ত ফেরিটি উদ্ধারের চেষ্টা চলছিল। সকালে কয়েকটি রো রো ফেরিও চ্যানেলে প্রবেশ করতে না পেরে পাটুরিয়া ঘাটে ফিরে যায়। এতে সকাল নয়টা থেকে বড় ধরনের সব ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। তবে তিনটি ছোট ফেরি দিয়ে কিছু কিছু করে গাড়ি পার করা হলেও দুপুর ১২টার দিকে সেটিও বন্ধ হয়ে যায়। এর আগের দিন বৃহস্পতিবার সকাল সোয়া নয়টার দিকে ফেরি এনায়েতপুরী একই চ্যানেলে প্রবেশের সময় স্রোতের ধাক্কায় চ্যানেল থেকে তিন হাজার ফুট ভাটিতে ডুবোচরে আটকা পড়ে। সারা দিন আটকে থাকার পর রাত ১২টার দিকে সেটি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাত নয়টার দিকে আরও কয়েকটি ফেরি চ্যানেলে প্রবেশ করতে না পারলে সে সময় ফেরি চলাচল বন্ধ থাকে। রাত ১২টার পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়। সংবাদ পেয়ে রাতেই নৌপরিবহন মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের উপপ্রধান সাজ্জাদুল ইসলাম চ্যানেল পরিদর্শন করেন। সার্বিক বিষয় খোঁজ নিতে গতকাল বিকেলে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. মজিবর রহমান, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. শামসুজ্জোহা প্রমুখ ঘাট পরিদর্শনে যান।

বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ফেরি চলাচলের উপযোগী পানির গভীরতা রয়েছে বলে দাবি করলেও ফেরির মাস্টার ও বিআইডব্লিউটিসির স্থানীয় কর্মকর্তারা বলেন, চ্যানেলে ফেরি চলাচলের মতো স্বাভাবিক গভীরতা নেই।

ডুবোচরে আটকে থাকা ফেরি কেরামত আলীর মাস্টার সরোয়ার হোসেন দাবি করেন, চ্যানেলের বাইরের দিকে পানির গভীরতা স্বাভাবিক থাকলেও ভেতরের দিকে গভীরতা রয়েছে মাত্র তিন-চার ফুট। এতে কোনোভাবেই ফেরি চলতে পারে না।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক আবদুল মান্নান বলেন, ছোট কে-টাইপ ফেরি দুটির ড্রাফট মাত্র চার-পাঁচ ফুট। অথচ এই ফেরি দুটি চলতেই হিমশিম খাচ্ছে। সেখানে বড় ফেরি চলে কীভাবে। বড় ফেরি চলতে গভীরতা দরকার ন্যূনতম ৮-১০ ফুট।

খনন বিভাগের নির্বাহী প্রকৌশলী তারিকুল হাসান বলেন, ‘সর্বশেষ জরিপ অনুযায়ী এখনো চ্যানেলে ন্যূনতম সাড়ে সাত ফুট থেকে ১২-১৩ ফুট পানির গভীরতা রয়েছে। অথচ কেন বারবার ফেরি বন্ধ থাকছে, বিষয়টি আপনাদেরও খতিয়ে দেখা দরকার।’

ঘাটে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছরোয়ার হোসেন জানান, নাব্যতা সংকটে শুধু ফেরিই না, মাঝেমধ্যে লঞ্চ চলতেও সমস্যা হচ্ছে। ঘাটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে রাখতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে রাখা হয়েছে।