দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ডুবোচরে আটকে পড়া ফেরি শাহজালাল গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার হয়নি। বিআইডব্লিউটিসির নিজস্ব টাগবোট দিয়ে এটি উদ্ধারের চেষ্টা চলছে। এদিকে ধারণক্ষমতার মাত্র এক-তৃতীয়াংশ যানবাহন নিয়ে দুদিন ধরে এ পথে ফেরি চলাচল শুরু হয়েছে। ফেরিতে যাত্রীবাহী বাসও পারাপার হতে শুরু করেছে।
গতকাল দুপুরে দৌলতদিয়া ঘাটে গিয়ে দেখা যায়, ঘাট থেকে কয়েক হাজার ফুট ভাটিতে ফেরি শাহজালাল আটটি ট্রাক ও ১২টি ব্যক্তিগত গাড়ি নিয়ে আটকে আছে। এটি উদ্ধারের তত্পরতা চলছে।
এ সময় একাধিক ফেরিচালক বলেন, নিয়মিত খননকাজ অব্যাহত থাকলে ফেরিগুলো চলতে পারত। ড্রেজিং বিভাগের লোকজন খননের কারণে চ্যানেলে প্রয়োজনীয় পানির গভীরতা রয়েছে দাবি করলেও বাস্তবে গত তিন দিনে পানি বৃদ্ধি পাওয়ায় প্রকৃতিগত কারণেই চ্যানেলের প্রশস্ততা ও গভীরতা বেড়েছে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (মেরিন) আবদুল কুদ্দুস জানান, বৃহস্পতিবার দুপুরে ফেরি শাহজালাল দৌলতদিয়া ঘাট ছেড়ে চ্যানেল দিয়ে বের হওয়ার সময় ডুবোচরের সঙ্গে ধাক্কা খায়। পরে স্রোতের টানে এটি আরও ভাটিতে চলে যায়। বর্তমানে ঘাট থেকে প্রায় তিন-চার কিলোমিটার ভাটিতে ফেরিটি অবস্থান করছে। তিনি জানান, গতকাল সকাল থেকে বিআইডব্লিউটিসির নিজস্ব টাগবোট আইটি-৩৯৪ দিয়ে ফেরিটি উদ্ধারের চেষ্টা চলছে। কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছে না। এখন আরেকটি টাগবোট নিয়ে যৌথভাবে চেষ্টা চালানো হবে।
ফেরিতে বাস পারাপারের শুরুর ব্যাপারে আবদুল কুদ্দুস বলেন, এখন পর্যন্ত নৌমন্ত্রণালয় থেকে কোনো ধরনের ঘোষণা আসেনি। তবে যেসব বাস ঘাটে আসছে, সেগুলো পার করে দেওয়া হচ্ছে। বর্তমানে চারটি ছোট ফেরির সঙ্গে পাঁচটি বড় ফেরি দিয়ে গাড়ি পারাপারের চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান।