দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌচলাচল শুরু
রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল ফের শুরু হয়েছে।
ঘন কুয়াশার কারণে গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। মাঝনদীতে আটকা পড়ে চারটি ফেরি। কুয়াশা কমে যাওয়ায় আজ সোমবার সকাল সোয়া নয়টার দিকে ফের নৌচলাচল শুরু হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, মাঝনদীতে আটকে থাকা ফেরিগুলো গন্তব্যে যাচ্ছে। এ ছাড়া উভয় ঘাট থেকে ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় নদীর দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। হাজারো যানবাহন ঘণ্টার পর ঘণ্টা ঠায় দাঁড়িয়ে থাকে। সকালে ফেরি চলাচল শুরু হওয়ার পর যানবাহনগুলো ধীরে ধীরে নদী পার হচ্ছে।