দৌলতদিয়া-পাটুরিয়ায় যানজট মাওয়া-কাওড়াকান্দিতে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেরিসংকটের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটের দুই পাশে গতকাল রোববার পর্যন্ত আট শতাধিক যানবাহন আটকা পড়েছে। আর মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ২৩ ঘণ্টা লঞ্চ চলাচল বন্ধ থাকায় শনিবার থেকে গতকাল পর্যন্ত কয়েক হাজার যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। গত বৃহস্পতিবার দৌলতদিয়ার ডুবোচরে আটকা ফেরি শাহজালাল দীর্ঘ ৫৮ ঘণ্টা পর শনিবার রাতে উদ্ধার হলেও ফেরির তলদেশ ক্ষয়প্রাপ্ত হওয়ায় বিকল হয়ে পড়েছে। মেরামতের জন্য এটিকে আজ সোমবার ডক ইয়ার্ডে পাঠানো হচ্ছে। এদিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে মাত্র চারটি বড় ও তিনটি ছোট ফেরি দিয়ে যানবাহন পার করায় উভয় ঘাটে আট শতাধিক যানবাহন আটকে আছে।
এদিকে গত এক মাসে বিভিন্ন কারণে ৩১টি লঞ্চের রুট পারমিট স্থগিত করে বিআইডব্লিউটিএ। এর প্রতিবাদে শনিবার বিকেল পাঁচটা থেকে গতকাল বিকেল চারটা পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ রাখে মাওয়া-কাওড়াকান্দি লঞ্চ মালিক সমিতি। গতকাল স্থগিতাদেশ প্রত্যাহার করে নিলে বিকেল থেকে লঞ্চ চলাচল শুরু হয়। তবে দীর্ঘ ২৩ ঘণ্টা লঞ্চ বন্ধ থাকায় দক্ষিণাঞ্চলের কয়েক হাজার যাত্রী দুর্ভোগের শিকার হন।
বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের সহকারী মহাব্যবস্থাপক (মেরিন) আবদুল কুদ্দুস জানান, আজও (রোববার) পদ্মায় বন্যার পানি ১০ সেন্টিমিটার বেড়েছে। কিন্তু স্রোতের কারণে ৮ সেন্টিমিটার বালু এসে চ্যানেলে ভরাট হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া সত্ত্বেও এবং কোনো ঘোষণা ছাড়াই যানবাহন আসতে শুরু করায় উভয় ঘাটে বিকেল পর্যন্ত আট শতাধিক পণ্যবাহী ট্রাকের সঙ্গে শতাধিক যাত্রীবাহী বাসও আটকে আছে। বিআইডব্লিউটিএ ও ঘাট সূত্র জানায়, সরকারি সিদ্ধান্ত অবমাননা করার জন্য গত ২৪ আগস্ট মাওয়া-কাওড়াকান্দি নৌপথের ৮৬টি লঞ্চের মধ্যে চারটি লঞ্চ; অবকাঠামোগত ত্রুটি, সনদ ছাড়া অনভিজ্ঞ চালক, লঞ্চে জীবন রক্ষাকারী জিনিসের অপ্রতুলতার কারণে গত ২৯ আগস্ট ২৫টি লঞ্চের; অবকাঠামোগত ত্রুটির কারণে আরও দুটি লঞ্চসহ মোট ৩১টি লঞ্চের রুট পারমিট স্থগিত করা হয়। পরে বিআইডব্লিউটিএর চাহিদামতো সব শর্ত পূরণ করলে স্থগিতাদেশ উঠিয়ে নেওয়া হয়। স্থগিতাদেশ প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করেছেন মাওয়া-কাওড়াকান্দি নৌপথের বন্দর কর্মকর্তা মহিউদ্দিন।
গতকাল সকালে সরেজমিনে কাওড়াকান্দি ঘাটে দেখা যায়, লঞ্চ বন্ধ থাকায় দক্ষিণাঞ্চলের কয়েক হাজার যাত্রী বৃষ্টির মধ্যে দুর্ভোগ পোহাচ্ছেন। নিরুপায় হয়ে যাত্রীদের বেশি টাকা দিয়ে স্পিডবোটে নদী পার হতে হচ্ছে। অনেকে জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে করে পার হচ্ছেন।