দৌলতদিয়া ফেরিঘাট সড়কে রড বের হওয়ায় দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট সড়কের ঢালাই ভেঙে রড বের হয়ে গেছে। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো
রাজবাড়ীর দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট সড়কের ঢালাই ভেঙে রড বের হয়ে গেছে। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার তিন নম্বর ফেরিঘাট সড়কের ঢালাই ভেঙে রড বেরিয়ে গেছে। এতে তিন সপ্তাহ ধরে ওই সড়ক ধরে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে যানবাহন ও সাধারণ মানুষ।
গতকাল বৃহস্পতিবার সরেজমিন দেখা যায়, দৌলতদিয়ার তিন নম্বর ফেরিঘাট সড়কে ফেরিতে ওঠার আগ মুহূর্তে পন্টুনের সামনে সড়কের ঢালাই ভেঙে কয়েক মিটার জায়গায় বড় বড় লোহার রড বের হয়ে গেছে। মানুষ ও যানবাহন এর ওপর দিয়ে যাওয়া-আসা করছে।
স্থানীয়রা অভিযোগ করেন, রডগুলো বের হওয়ায় মাইক্রোবাস, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেলসহ অনেক গাড়ির চাকা ফুটো হয়ে যাচ্ছে। আবার ফেরিতে উঠতে বা ফেরি থেকে নেমে আসা যাত্রীরা ওই স্থানে এলে রডের সঙ্গে মালামাল আটকে গিয়ে অনেক সময় দুর্ঘটনা ঘটছে।
স্থানীয় মুদিদোকানদার আলমাস শেখ, সেলিম চৌধুরীসহ কয়েকজন বলেন, রাতের বেলায় এ ধরনের দুর্ঘটনা ঘটে বেশি। মাঝেমধ্যেই ছোটখাটো গাড়ির চাকা আটকে লিক হয়ে যায়।
ব্যক্তিগত গাড়ির চালক আবদুর রহমান বলেন, যেভাবে রড বের হয়ে আছে, তাতে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বৃহস্পতিবার পাটুরিয়া থেকে আসা গোয়ালন্দের কাটাখালী গ্রামের হেলাল সরদার নামের এক যাত্রীর ব্যাগের ফিতার সঙ্গে রড আটকে যায়। হঠাৎ টান লাগায় তিনি পড়ে যাচ্ছিলেন। মুহূর্তে সঙ্গে থাকা অন্যরা ধরে ফেলায় অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (মেরিন) আবদুস সাত্তার বলেন, এ বিষয়ে ব্যবস্থা নিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীকে একাধিকবার মৌখিকভাবে অনুরোধ জানানো হয়েছে। অথচ এখনো পর্যন্ত তার কোনো সমাধান হয়নি।
বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. শফি উল্লাহ বলেন, ‘এ ধরনের সমস্যার কথা শোনার পর দেখে এসেছি। ১৫ দিনের মধ্যেই আমাদের বার্ষিক বরাদ্দ থেকে মেরামতের উদ্যোগ নেওয়া হবে।’