দৌলতদিয়া হয়ে বাস চলাচল বন্ধ!
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ডুবোচরে গত শুক্রবার আটকে পড়া ফেরি কেরামত আলী ৫৬ ঘণ্টা পর গতকাল রোববার বিকেলে উদ্ধার করা হয়েছে। কিন্তু এখনো এ পথে ফেরি চলাচল স্বাভাবিক হয়নি। ধারণক্ষমতার এক-তৃতীয়াংশ গাড়ি নিয়ে ফেরি চলাচল করছে। তবে চ্যানেলে ফেরি পারাপারে টাগবোটের সহায়তা লাগছে।
গুরুত্বপূর্ণ এ নৌপথে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় পরিবহন মালিক সমিতির নেতারা গতকাল সকাল থেকে ৭২ ঘণ্টার জন্য কোনো গাড়ি ফেরি পার না করানোর সিদ্ধান্ত নিয়েছে। গতকাল সকাল থেকেই দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে দক্ষিণাঞ্চলের ২১ জেলার তেমন গাড়ি আসতে দেখা যায়নি।
দক্ষিণাঞ্চলের পরিবহন একে ট্রাভেলসের দৌলতদিয়া ঘাট শাখার জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক শহিদুল ইসলাম জানান, বিআইডব্লিউটিসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরিবহন মালিক সমিতির আলোচনা সাপেক্ষে গতকাল রোববার সকাল থেকে ৭২ ঘণ্টা দূরপাল্লার কোনো পরিবহন ফেরিতে পারাপার হবে না।
তবে দক্ষিণাঞ্চলের জেলা থেকে আসা বাসযাত্রীরা সাধারণ লঞ্চে নদী পার হয়ে বিকল্প উপায়ে পাটুরিয়া থেকে রাজধানী ঢাকাসহ অন্যত্র যাতায়াত করতে পারবে। এতে ফেরি পারাপারে বাসের চাপ অনেকটা কমছে।
অবশ্য বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান দাবি করেন, ‘পরিবহন মালিক সমিতির সঙ্গে আমাদের কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত হয়েছে কি না, আমার জানা নেই।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) খনন বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আতাহার আলী সরদার বলেন, তীব্র স্রোতের কারণে খননকাজ ব্যাহত হচ্ছে। এ ছাড়া ডুবোচরে আটকে থাকা ফেরি উদ্ধারের ব্যাপারে বিআইডব্লিউটিসির একটি শক্তিশালী জাহাজ সার্বক্ষণিক প্রস্তুত রাখা দরকার। ডুবোচরে ফেরি আটকে পড়ার কারণে এখনো এই নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়নি।
ফেরি কেরামত আলীর মাস্টার সরোয়ার হোসেন দাবি করেন, শুক্রবার সকেলে পাটুরিয়া ঘাট থেকে চারটি বাস ও ১৬টি ব্যক্তিগত গাড়ি নিয়ে দৌলতদিয়ার চ্যানেলে ঢোকার পর স্রোতের ধাক্কায় ৩ নম্বর ঘাট থেকে প্রায় চার হাজার ফুট ভাটিতে ডুবোচরে ফেরিটি আটকা পড়ে। রোববার বেলা বিকেল চারটার দিকে ফেরিটি উদ্ধার করা সম্ভব হয়।