দুটি ফেরি বিকল হয়ে যাওয়ায় এবং পদ্মায় পানি বেড়ে দৌলতদিয়ার তিনটি ঘাটের পন্টুনের সামনের অংশ তলিয়ে যাওয়ায় গাড়ি সময়মতো পার হতে পারছে না। এ কারণে ঘাটে তিন শতাধিক গাড়ি আটকে আছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা গেছে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে বর্তমানে চালু আটটি বড় ও দুটি ছোট ফেরির মধ্যে গত শনিবার বিকেল পাঁচটার দিকে একটি বড় ফেরি বিকল হয়ে পড়ে। এর কিছুক্ষণ পর দৌলতদিয়া থেকে যানবাহন নিয়ে পাটুরিয়া পৌঁছে আরেকটি ফেরি বিকল হয়ে যায়।
যান্ত্রিক ত্রুটির কারণে গতকাল সকাল ১০টা থেকে দুই ঘণ্টা একটি ফেরি বন্ধ ছিল। পদ্মায় পানি বাড়ায় গত শনিবার দৌলতদিয়ার তিনটি ঘাটের পন্টুনের সামনের অংশ তলিয়ে গেলে যানবাহন ঝুঁকি নিয়ে ফেরিতে ওঠানামা করতে থাকে। বিআইডব্লিউটিএ পন্টুন উঁচু করার জন্য পর্যায়ক্রমে ঘাট তিনটি বন্ধ রাখে। এ কারণেও যানবাহন পারাপারে বিঘ্ন ঘটে। নদীতে তীব্র স্রোত থাকায় ফেরি পার হতে বেশি সময় লাগছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক আবু আবদুল্লাহ বলেন, যাত্রীবাহী ও জরুরি পণ্যবাহী বাস আগে পার করায় সাধারণ পণ্যবাহী গাড়িগুলো আটকে আছে।